শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পাটকেলঘাটায় নুর আন নেসা গার্মেন্টস অ্যান্ড বুটিকস হাউজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
পাটকেলঘাটায় নুর আন নেসা গার্মেন্টস অ্যান্ড বুটিকস হাউজের উদ্বোধন

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সড়কে নুর আন নেসা গার্মেন্টস অ্যান্ড বুটিকস হাউজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব।

তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেছা মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত সরদার এবং কাজিরহাট কলেজের সরকারি অধ্যাপক কে এম আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমানে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীরা এগিয়ে গেলে পরিবার ও দেশ এগিয়ে যাবে। নারীর উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

Ads small one

অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেবে না সরকার: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেবে না সরকার: প্রতিমন্ত্রী

সংবাদদাতা: অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থী যেন নিজের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারে, সরকার তা নিশ্চিত করতে চায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার সরকারি হাসপাতালে সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, আগামী বছরের জুনের আগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনারি ইউনিট চালু হবে। এরপর সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ দেলোয়ার হোসেন খান খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মিজানুর রহমান খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০০টি অসহায় পরিবার ও ১০০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রেজাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাকপুর গ্রামের গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামানকে ৬০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

উপকূলে সুপেয় পানির তীব্র সংকট, লবণাক্ততায় নষ্ট হচ্ছে মিষ্টি পানির উৎস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
উপকূলে সুপেয় পানির তীব্র সংকট, লবণাক্ততায় নষ্ট হচ্ছে মিষ্টি পানির উৎস

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও অপরিকল্পিত চিংড়ি ঘেরের কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপজেলার অধিকাংশ পুকুর, নলকূপ ও মিষ্টি পানির উৎস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলের মানুষ।

প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও খাজরাসহ বিভিন্ন ইউনিয়নে এ সংকট প্রকট। স্থানীয়দের ভাষ্য, ঘূর্ণিঝড় আম্পান, ইয়াস ও রেমালের সময় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় মিষ্টি পানির পুকুরগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততা ছড়িয়ে পড়ায় অনেক নলকূপের পানি পানযোগ্য থাকছে না।

সুপেয় পানির সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা। পরিবারের রান্না ও দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে তাঁদের প্রতিদিন ৩ থেকে ৫ কিলোমিটার দূরে যেতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে চড়া দামে পানি কিনছেন। নিম্নআয়ের মানুষের জন্য এই ব্যয় বাড়তি চাপ তৈরি করছে।

বিশুদ্ধ পানির অভাবে অনেকে বাধ্য হয়ে দূষিত ও লবণাক্ত পানি ব্যবহার করছেন। এতে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু পুকুরের বালু ফিল্টার (পিএসএফ) এবং বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক স্থাপন করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সংকট নিরসনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নষ্ট পুকুর পুনঃখনন এবং গ্রামভিত্তিক পর্যাপ্ত পানি শোধনাগার স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।