গাবুরায় জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবি
সংবাদদাতা: সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের অপতৎপরতা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার এবতেদায়ি মাদ্রাসাসংলগ্ন বেড়িবাঁধে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলেদের স্ত্রী-সন্তানসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির সদস্য ও পরিবেশকর্মী আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, কমিটির মুখ্য সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, সমাজসেবক আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, সুন্দরবনের ওপর উপকূলের হাজারো মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু বনদস্যুদের অপতৎপরতায় জেলে-বাওয়ালিরা অপহরণ, মুক্তিপণ আদায় ও প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন। এতে তাঁদের পরিবারগুলোও চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ময়না খাতুন ও ফাতেমা খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা মাছ ও কাঁকড়া আহরণে সুন্দরবনে গেলে তাঁদের নিরাপদে ফিরে আসা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে রয়েছে। তাঁরা স্বজনদের নিরাপদে বনে যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বনদস্যুতা মানুষের জীবন-জীবিকার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও হুমকি। তাই দস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বন্ধ এবং দস্যুদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কর্মসূচি থেকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।












