পাটকেলঘাটায় মহাসড়কের ওপর ইট-বালির ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
এমএম জামান মনি, পাটকেলঘাটা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে চলছে ব্যবসা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের দুই পাশে ইট, বালু ও খোয়া রেখে ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। এসব পণ্য লোড-আনলোডের সময় সড়কে যান চলাচলে বিঘœ ঘটছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওপর এভাবে ব্যবসা চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, মহাসড়ক থেকে ইট-বালু সরিয়ে নিতে ব্যবসায়ীদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা নির্দেশনা মানছেন না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হলে এ কার্যক্রম বন্ধ করা সম্ভব।
সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, পাটকেলঘাটা বলফিল্ড, কুমিরা বাজার ও মির্জাপুর বাজারসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক বিভাগের জায়গায় কাঠের গুঁড়ি, ইট ও বালু রেখে ব্যবসা করা হচ্ছে। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার পরামর্শও দেন তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজা স্বর্ণা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।











