বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৫টি লগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সরকারি খাসজমিতে থাকা একটি শিরিষ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাটা গাছের পাঁচটি লগ জব্দ করেছে ইউনিয়ন ভূমি অফিস।
রোববার (২৩ নভেম্বর) শ্বেতপুর গ্রাম থেকে লগগুলো জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, শনিবার বৃষ্টির মধ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল।
শ্বেতপুর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, শনিবার বৃষ্টির মধ্যে শ্বেতপুর গ্রামের বিজয় ঘোষের বাড়ির সামনে বুধহাটা-শ্বেতপুর সড়কের পাশে থাকা শিরিষ গাছটি বৈদ্যুতিক করাত দিয়ে কাটা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের কেয়ারটেকার তারিফুল ইসলাম, স্থানীয় হাতেম ও ফারুকসহ কয়েকজনকে দেখতে পান।
গাছ কাটার কারণ জানতে চাইলে তারিফুল ইসলাম জেলা পরিষদের অনুমোদন রয়েছে বলে দাবি করেন। তবে জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহকে অবহিত করেন।
স্থানীয়দের অভিযোগ, গাছের কাঠ বিক্রি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল। সরকারি জমি থেকে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে বলে দাবি তাঁদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহ জানান, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি লগ জব্দ করে ভূমি অফিসে নেওয়া হয়েছে। তিনি বলেন, গাছটি জেলা পরিষদের জমিতে নয়, সরকারি খাসজমিতে ছিল।










