দেবহাটায় পুলিশের অভিযানে আবারো আটক হলো ভারতীয় রেনু, খালে অবমুক্ত
কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারো ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়।
পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ মে) ভোর অনুমান ৫টার দিকে পুলিশ টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার বহেরা নতুন মসজিদের সামনে সাতক্ষীরা থেকে শ্যামনগরগামী মহাসড়কে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৪টি পলি বলে চিংড়ি মাছের রেনু পাওয়া যায়।
মাছের রেনু বিষয়ে দেবহাটা মৎস্য কর্মকর্তা সাহেবকে অবহিত করা হয়। মাছের রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় মাছের রেনু বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।
আটককৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। ওসি আব্দুল আলিম এসময় বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলে ওসি জানান।












