এজিএআরওপির স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী আশেক-ই-এলাহী
পত্রদূত ডেস্ক: বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী ২০২৬ সালে প্রবীণ মানুষের অধিকারবিষয়ক আন্তর্জাতিক জোটের (এজিএআরওপি) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের প্রবীণ মানুষের অধিকার ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই তাঁর অন্যতম লক্ষ্য।
৭১ বছর বয়সী আশেক-ই-এলাহী ২১ বছর বয়স থেকে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত। তিনি বাংলাদেশের মানবাধিকার সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি এবং জলবায়ু পরিষদের সদস্যসচিব। পাশাপাশি তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক।
২০১১ সালে প্রতিষ্ঠিত প্রবীণ মানুষের অধিকারবিষয়ক আন্তর্জাতিক জোটটি বিশ্বের প্রায় ৮৫টি দেশের ৪০০-এর বেশি সদস্যকে নিয়ে কাজ করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা এবং তাঁদের মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।
আশেক-ই-এলাহী মনে করেন, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রবীণদের স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাঁদের অভিজ্ঞতা ও অধিকার আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান তিনি।
তিনি বলেন, “নির্বাচনের ফলাফল যা-ই হোক, আমি প্রবীণ মানুষের পাশে থাকব। বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের প্রবীণ মানুষের মানবাধিকার, মর্যাদা, স্বীকৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
তাঁর প্রত্যাশা, আন্তর্জাতিক এই উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ পেলে বাংলাদেশের উপকূলীয় প্রবীণ মানুষের সমস্যা ও অধিকার বিশ্বপর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।








