কয়রায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের ত্রৈমাসিক সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মহারাজপুর ইউনিয়নের ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্প’-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল ইসলাম টুটুল।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সহজে সরকারি ভাতা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক হতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ, সাংবাদিক মো. রিয়াছাদ আলী ও কামাল হোসেন, ইউপি সদস্য নূর ইসলাম খোকা, বিভূতি ভূষণ রায় ও আবু সাইদ, নারী নেত্রী মুর্শিদা খাতুন এবং প্রতিবন্ধী সদস্য আসমা খাতুন ও অহিদ মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।






