ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে জমি মালিক ও শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রফিকুল ইসলাম রানার বিরুদ্ধে পাওনা টাকা না দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, রানা দীর্ঘ দিন ধরে এল্লারচর এলাকায় লিজ নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু তিনি জমির মালিকদের হারি বা লিজের টাকা ঠিকমতো পরিশোধ করছেন না। এল্লারচরের ইদ্রিস বিশ্বাসের ২০ হাজার, বালিথা এলাকার রহমত আলীর ২৫ হাজার এবং সুলতানপুরের রওশন আরার ৬৩ হাজার টাকাসহ আরও অনেকের পাওনা বকেয়া রেখেছেন তিনি।
জমি মালিকদের পাশাপাশি বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন ঘেরের শ্রমিকরা। কওছার সরদার (৭০) ও অনিল মন্ডল (৭০) নামের দুই বৃদ্ধ কর্মচারী জানান, পাওনা বেতন চাইতে গেলে রানা তাদের প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। সাতক্ষীরা সদর থানার অপারেশন অফিসার সুশান্ত দাস বলেন, “বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। রানা ৩০ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নজরদারি রয়েছে।”
তবে রফিকুল ইসলাম রানা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ঘের থেকে মাছ লুট হওয়ায় আমি নিজেই আর্থিক ক্ষতির মুখে পড়েছি। পাওনাদারদের সব টাকা নিয়মমতো পরিশোধ করা হয়েছে।” এ ঘটনায় তিনিও থানায় একটি পাল্টা অভিযোগ দিয়েছেন বলে জানান।












