দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ প্রয়োগ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগী শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে আনা সম্ভব হলে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালিতে জমাট বাঁধা রক্ত গলিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। উপযুক্ত রোগীর ক্ষেত্রে এ চিকিৎসা মৃত্যুঝুঁকি ও হৃদ্যন্ত্রের জটিলতা কমাতে সহায়ক হতে পারে।
চলতি বছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর একই হাসপাতালে হার্ট অ্যাটাকের এক রোগীকে এ ইনজেকশন প্রয়োগ করা হয়। ওই রোগীকে চিকিৎসা দেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুস সাকিব। চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা এবং হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বুকের ব্যথাকে অবহেলা করা উচিত নয়। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।









