দেবহাটায় বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
সংবাদদাতা: স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেবহাটা উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন শওকত, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের ইমাম এবং ইউনিয়ন পুষ্টি কমিটির সদস্যরা।
সভায় পুষ্টি উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিসেবা, শিশুদের সুষম খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, পুষ্টি উন্নয়ন একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন শওকত পুষ্টি উন্নয়নে কৃষি বিভাগের ভূমিকা তুলে ধরে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও পারিবারিক পুষ্টিবাগান সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।









