শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় ফ্রেন্ডশিপের অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র চালু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
পাইকগাছায় ফ্রেন্ডশিপের অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র চালু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রান্তিক অঞ্চলের মানুষের আইনি সেবা সহজ করতে অনলাইন ডিসপিউট রেজোলিউশন (ওডিআর) সেন্টারের যাত্রা শুরু হয়েছে। ২১ আগস্ট দেশের অন্যতম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে খুলনার পাইকগাছায় প্রথমবারের মতো চালু করা হয় এ ধরনের আইনি সেবাকেন্দ্র। পাইলট ভিত্তিতে চালু হওয়া ফ্রেন্ডশিপের এই সেন্টারের মাধ্যমে এখন থেকে এলাকাতেই আইনি সেবা ও পরামর্শ পাবেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনপদের বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি উল্লেখ করেন, পাইকগাছার মতো লবণাক্ত প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যেতে হবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

সম্মানিত অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মাসুদা ইয়াসমিন। তিনি জানান, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ, দ্রুত ও সাশ্রয়ী করার ক্ষেত্রে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। ভৌগোলিক দূরত্বের বাধা কমানো ওডিআরের অন্যতম প্রধান সুবিধা। তবে এটি বিদ্যমান বিচারব্যবস্থার বিকল্প নয়, বরং আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণকেন্দ্রিক করার একটি সহায়কমাত্র।

সভাপতির বক্তব্যে ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খান বলেন, ভৌগোলিক দূরত্ব, যাতায়াত ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। প্রযুক্তির মাধ্যমে এই বাধাগুলো কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দেওয়াই ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ম রোমানা আফরোজ। ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সংস্থার ইনক্লুসিভ সিটিজেনশিপের সহকারী মহাব্যবস্থাপক (আইন) আইনজীবী আশিকুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী, আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী জি এম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলিসহ অন্যরা।

ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপের উদ্যোগে এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই সেন্টারের মাধ্যমে উপযুক্ত বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চ্যুয়াল মধ্যস্থতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

Ads small one

শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

সংবাদদাতা: শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কোরেক্স সিরাপ (ফেনসিডিল সদৃশ), নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গাজী মো. নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান আসছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে পারশেখালী সীমান্তে অভিযান চালানো হয়।

 

এ সময় ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সড়াগাছির মোড়সংলগ্ন জাহানাবাজ গ্রামে এক সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন বাড়ি থেকে পানির পাম্প (মোটর) ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত লিমেন হোসেন জানান, সকালে নতুন মোটর সেট করে ভবনের কাজ চলছিল। দুপুরে নামাজের জন্য মোটরের সুইচ বন্ধ করে মসজিদে যাওয়া হয়। নামাজ শেষে ফিরে দেখা যায়, পাইপ ভেঙে তারসহ মোটরটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দিনের আলোতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদকের প্রভাব বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

 

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দীন (৮০) আর নেই। ২১ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাদঘাটাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগরের বাদঘাটার বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জের হরিণগরে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।