কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে কৃষ্ণনগরের রঘুনাথপুরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলতাফ মোড়ল, লোকমান মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গাজীর বিরুদ্ধে মসজিদের জমি দখলের চেষ্টা, কমিটির সদস্যদের হয়রানিমূলক মামলায় জড়ানো এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলা হয়। বক্তারা এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
বক্তারা দাবি করেন, কাগজপত্র অনুযায়ী মসজিদের জমির পরিমাণ ২৩ শতাংশ হলেও বর্তমানে এর মধ্যে মাত্র ১১ শতাংশ মসজিদের দখলে রয়েছে। ওই ১১ শতাংশ জমির অংশও কৌশলে দখলের চেষ্টা করছেন আলতাফ মোড়ল ও তাঁর সহযোগীরা। তাঁদের অভিযোগ, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, আলতাফ মোড়ল ও তাঁর সহযোগীরা মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে পাঁচটি মামলা করেছেন, যা তাঁদের মতে হয়রানিমূলক। এসব মামলার মাধ্যমে কমিটির সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা দাবি করেন, আলতাফ ও লোকমান মোড়লদের শত বছরের পুরোনো চলাচলের পথ এখনো উন্মুক্ত রয়েছে এবং তাঁদের চলাচল স্বাভাবিক। তা সত্ত্বেও সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে পথ বন্ধের অভিযোগ প্রচার করা হচ্ছে বলে তাঁদের দাবি। তাঁদের অভিযোগ, চলাচলের পথের বিষয়টি সামনে এনে মসজিদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি আস ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় মুসল্লিরা।
মানববন্ধন থেকে মসজিদের জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান, দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।