শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
শ্যামনগরে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা পুত্রের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবি। সন্তানেরা ভরপোষণ না দেওয়ায় বৃদ্ধ বয়সে বনজীবির কাজ করে স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করেন।

 

অভিযোগ বৃদ্ধের ছোট পুত্র মোঃ রফিকুল ইসলাম একজন মাদকাসক্ত। সে বিভিন্নসময়ে বৃদ্ধ পিতা ও তার স্ত্রীকে মারধর করে টাকা আদায় করে আসছে। সম্প্রতি রফিকুলের সাথে তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হলে স্ত্রী পিতার বাড়িতে চলে যায়।

 

এরপর থেকে রফিকুল তার বৃদ্ধ পিতাকে স্ত্রী এনে দেওয়ার জন্য চাপাচাপি করে। বৃদ্ধ পিতা রাজি না হওয়ায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে রফিকুল তার বৃদ্ধ পিতার উপর চড়াও হয়। এ সময় তার আঘাতে বৃদ্ধের দুই হাত ফোলা জখম হয়। বৃদ্ধের আত্মচিৎকারে মোছাঃ মারুফা খাতুন, মোঃ শামীম হোসেন ও মোছাঃ রোকেয়া খাতুন ছুটে এসে বৃদ্ধকে রফিকুলের হাত থেকে উদ্ধার করে। বৃদ্ধ দাউদ আলী সন্তানের ভয়ে আতঙ্কে দিনযাপন করছেন। এ বিষয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বৃদ্ধকে সবোর্চ্চ আইনি সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দিবেন বলে জানান।

 

 

 

Ads small one

সাতক্ষীরায় সরকারি কলেজ রোডের ড্রেন সংস্কারকাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় সরকারি কলেজ রোডের ড্রেন সংস্কারকাজের উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর করতে সরকারি কলেজ রোডের উত্তর পাশের ড্রেন অবমুক্ত ও সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল আটটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ।
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ বরাদ্দের আওতায় এই ড্রেন অবমুক্ত ও সংস্কারকাজের জন্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এই সরকারি বরাদ্দটি গ্রহণ করেছেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাস্টার শফিকুল ইসলাম। সংস্কার প্রকল্প সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রকল্প কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাস্টার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে গাজী আব্দুল হাফিজকে। কমিটির অন্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলি, আব্দুল আজিজ ও মুক্তা পারভীন কেয়া।
কাজটির শতভাগ গুণগত মান বজায় রাখতে শুরু থেকেই কঠোর তদারকির ব্যবস্থা করা হয়েছে। পুরো প্রকল্পটির সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সচেতন বাসিন্দা শেখ সিদ্দিকুর রহমানকে। উদ্বোধনকালে বক্তারা আশা প্রকাশ করেন, ড্রেনটি সংস্কারের ফলে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে। কাজটি দ্রুত সম্পন্ন করতে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

কয়রায় অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন ফুটবল দলকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কয়রায় অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন ফুটবল দলকে সংবর্ধনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: নতুন কুঁড়ি অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনার কয়রা উপজেলা দল। এই সাফল্য উদ্যাপনে দলটিকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল আলম। নতুন কুঁড়ি স্পোর্টসের টিম ম্যানেজার মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কপোতাক্ষ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবম আব্দুল মালেক, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রধান কোচ এস এম শফিকুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা শহীদ সরোয়ার, ডেল্টা লাইফের ইনচার্জ আলিউজ্জামান তাইজুল ও দলীয় অধিনায়ক রিফাত আজম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও জার্সি তুলে দেওয়া হয়।

পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই প্রশিক্ষণ: সময়ের এক জরুরি পদক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই প্রশিক্ষণ: সময়ের এক জরুরি পদক্ষেপ

আজহারুল ইসলাম সাদী

প্রযুক্তির অভূতপূর্ব উৎকর্ষের এই যুগে সংবাদমাধ্যমের কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনি যুক্ত হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এমন এক প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশব্যাপী চলমান ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

প্রযুক্তির এই সময়ে শুধু প্রথাগত সাংবাদিকতার ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন। সময়ের দাবি মেনে পিআইবির এই আয়োজনে মূলত আধুনিক সাংবাদিকতার তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গÑমাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আজকের দিনে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা’ হলো সংবাদ পরিবেশনের এমন এক সমন্বিত রূপ, যেখানে লেখার পাশাপাশি ছবি, ইনফোগ্রাফিক্স, অডিও ও ভিডিওর মতো একাধিক মাধ্যমকে ব্যবহার করে সংবাদকে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলা হয়। একজন মাল্টিমিডিয়া সাংবাদিকের কাজ শুধু মাঠ থেকে তথ্য আনা নয়, বরং অডিও-ভিডিও এডিটিং ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী কনটেন্ট তৈরি করা।
একইভাবে, যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’ এখন সাংবাদিকতার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কাঁচা তথ্য সংগ্রহ করার পর তা অপতথ্য বা বিভ্রান্তিকর কি না, তা যাচাই-বাছাই এবং বিশ্লেষণ শেষে জনবান্ধব সংবাদ হিসেবে রূপান্তর করার সুশৃঙ্খল প্রক্রিয়াই হলো প্রকৃত সাংবাদিকতা।

অন্যদিকে, সংবাদকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রবেশ ঘটছে দ্রুত গতিতে। তথ্য অনুসন্ধান, বিশাল ডেটা বিশ্লেষণ, কনটেন্ট তৈরি ও সম্পাদনা থেকে শুরু করে ছবির সত্যতা যাচাই—সবখানেই এখন এআই টুলের ব্যবহার বাড়ছে। তবে এআই যেমন কাজকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহারের মাধ্যমে তৈরি ‘ডিপফেক’ বা ভুয়া তথ্যের বিস্তার বিশ্বজুড়ে বড় উদ্বেগ তৈরি করেছে। ফলে সাংবাদিকতায় এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিক মানদ- ও দায়িত্বশীলতা বজায় রাখার বিষয়টিও এই প্রশিক্ষণে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৩ থেকে ২৫ জুন সাতক্ষীরা জেলায় তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়, যেখানে জেলার ৭০ জন সাংবাদিক অংশ নেন। এই আয়োজনে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্বরা দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ছিলেন চ্যানেল ২৪-এর অনুষ্ঠান পরিচালক ও উপস্থাপক (আরটিভি ও একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার) মো. জুলহাস কবীর, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, ‘হুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট চেকার ও এআই বিশেষজ্ঞ আলী আকবর (তাওসিফ আকবর) এবং দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক ও নির্বাচনবিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান।

তিন দিনের এই সফল প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব।
ডিজিটাল মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে পিআইবির এই সময়োপযোগী প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগতভাবে আরও সমৃদ্ধ ও সচেতন করে তুলবেÑএটাই এখন সবার প্রত্যাশা।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট