মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সম্পাদকীয়/ প্রসঙ্গ: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার; বাস্তুসংস্থান রক্ষার চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার; বাস্তুসংস্থান রক্ষার চ্যালেঞ্জ

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বড়বস্থা খাল এলাকায় বনরক্ষীদের অভিযানে বিষের বোতল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ হওয়ার ঘটনাটি আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে এই অভিযান আবারও প্রমাণ করল যে, বিশ্বের এই বৃহত্তম ম্যানগ্রোভ বনের অভ্যন্তরে অবৈধ ও বিধ্বংসী কর্মকা- এখনো থামেনি। বরং এক শ্রেণির অসাধু মানুষ বনের অমূল্য সম্পদ ধ্বংস করে নিজেদের পকেট ভারী করতে মরিয়া।
বিষ দিয়ে মাছ শিকার কেবল একটি অপরাধ নয়, এটি সুন্দরবনের স্পর্শকাতর বাস্তুতন্ত্রের ওপর এক ধরনের ‘রাসায়নিক সন্ত্রাস’। শিকারিরা যখন খালের পানিতে বিষ ঢালে, তখন কেবল বড় মাছই মারা যায় না; বরং ওই পানির সংস্পর্শে থাকা সমস্ত জলজ প্রাণীÑঅসংখ্য প্রজাতির মাছের পোনা, কাঁকড়া, কচ্ছপ এবং অণুজীব নিমিষেই ধ্বংস হয়ে যায়। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে পুরো খাদ্যশৃঙ্খলে। বনের হরিণ বা বাঘ যখন ওই দূষিত পানি পান করে, তখন তাদের জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে। সুন্দরবনের মতো একটি স্পর্শকাতর বনভূমিতে এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বন বিভাগ জানিয়েছে, পলাতক শিকারিদের শনাক্ত করে মামলা করার প্রস্তুতি চলছে। আমরা মনে করি, কেবল মামলা বা নথিপত্র ভারি করাই যথেষ্ট নয়। অতীতে দেখা গেছে, মামলার পর যথাযথ তদারকির অভাবে অপরাধীরা পার পেয়ে যায় এবং পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আইনের কঠোর প্রয়োগ না থাকলে এই অসাধু চক্র কখনোই পিছু হটবে না।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়Ñমাছ মারার এই বিষ আসছে কোথা থেকে? স্থানীয় বাজারগুলোতে কি খুব সহজেই এসব রাসায়নিক বা বিষ পাওয়া যাচ্ছে? বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের উচিত বিষের সরবরাহ ব্যবস্থা বা ‘সোর্স’ চিহ্নিত করা। যদি বিষের সহজলভ্যতা বন্ধ করা না যায়, তবে বনের গহীনে অভিযান চালিয়ে এই সংকট পুরোপুরি দূর করা কঠিন হবে।
বন বিভাগ টহল জোরদার ও বিশেষ অভিযান অব্যাহত রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তার দ্রুত ও কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে সুন্দরবন-সংলগ্ন এলাকার সাধারণ মানুষকেও সচেতন করে তুলতে হবে। তাদের বোঝাতে হবে যে, সুন্দরবনের জলজ সম্পদ ও বনভূমি ধ্বংস হলে প্রাকৃতিক দুর্যোগের মুখে সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়বেন তারাই। সুন্দরবন আমাদের জাতীয় অহংকার এবং প্রাকৃতিক রক্ষাকবচ; একে বিষমুক্ত রাখা এবং এর জীববৈচিত্র্য রক্ষা করা কোনো একক দপ্তরের নয়, বরং রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত।

Ads small one

আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফুল হাওলাদার আশাশুনি উপজেলার বাগালি গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে আশরাফুল আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের গৌতম সরকারের ঘরের পেছনের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং পিলারের সাথে থাকা সেফটি বেল্টে ঝুলতে থাকেন। পরে স্থানীয় লোকজন পিলারে থাকা সেফটি বেল্ট কেটে আশরাফুলের মরদেহ নিচে নামিয়ে আনেন।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে বৈকারী সীমান্তের হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ ও মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমুখী মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।