কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের দাবি
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা ও জবাবদিহি কাঠামো প্রণয়ন করতে হবে। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ-২-এ ‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবিলিটি অ্যান্ড মিউচুয়ালিটি (মৌসম) এবং লিডার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা গৃহীত হয়নি। বিদ্যমান আলোচনার মধ্যেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে স্পষ্ট সমঝোতা হয়নি। তাই কপ-৩১-কে শুধু প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে।
তাঁরা আরও বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব রয়েছে। বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন, অতিরিক্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে ভারতের মৌসমের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষতির মুখে পড়ছে। ক্ষয়ক্ষতির তুলনায় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত সীমিত। এ পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন।
নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের জটিল আবেদন ও অনুমোদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা। এ ব্যবস্থা সহজ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
ভারতের অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ এ অঞ্চলে বরাদ্দের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত। দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
শ্রীলঙ্কার ফিয়ানের থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়নের সুফল প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়ে অর্থায়ন ব্যবস্থাকে কার্যকর করতে হবে।
লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় অগ্রাধিকার দিতে হবে। বাস্তুচ্যুত মানুষের পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরে মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের দায়িত্ব কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়; এটি আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত বাধ্যবাধকতা। বেসরকারি অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর এ দায়িত্ব প্রতিস্থাপন করা যাবে না।
সংবাদ সম্মেলনে বক্তারা জলবায়ু অর্থায়নে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি












