সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে, স্মরণ নয়—চাই কার্যকর পদক্ষেপ
রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয় ‘বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস’। রোববার (১৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানীর শ্যামলীতে মোমবাতি প্রজ্বালন ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুধু স্মরণ ও শোক প্রকাশ নয়, সড়কে প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজকেরা।
বিকেল সাড়ে ৪টায় শ্যামলী পার্ক মাঠে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস) অংশ নেয়। অনুষ্ঠানে নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানেও প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এই ব্যবধান সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৮০ জন নিহত হন। চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত দুই হাজার ৯৪৩ জন। এসব প্রাণহানির ফলে অসংখ্য পরিবার অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু যানবাহন, চালক বা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের বিষয় নয়। এর সঙ্গে সড়কের নকশা ও অবকাঠামো, গতিসীমা, পথচারীর নিরাপত্তা, চালকের দক্ষতা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাব্যবস্থাও জড়িত। তাই বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর পাশাপাশি সড়ক নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি মোকাবিলায় পৃথক ও পূর্ণাঙ্গ আইন প্রণয়ন জরুরি।
আয়োজকদের মতে, সড়কে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা এবং সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দেওয়াই হওয়া উচিত দিবস পালনের মূল লক্ষ্য। নিরাপদে চলাচল ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রেসবিজ্ঞপ্তি









