ন্যাশনাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন। অন্য এক পোস্টে তিনি বলেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাঁর চেয়ে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছিলেন আসিফ মাহমুদ। ওই দিন গোপালগঞ্জে কারফিউ জারি ও অস্থিরতা পর্যবেক্ষণের সময় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল।