বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ফকরাবাদ নূরানী একাডেমিতে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
ফকরাবাদ নূরানী একাডেমিতে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ফকরাবাদ দারুস সুন্নাহ নূরানী একাডেমিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ, ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদের ইমাম ইয়াসিন আরাফাত এবং একাডেমির পরিচালক মাওলানা আল আমিন বিশ্বাস।

অনুষ্ঠানে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া এ বছর প্রতিষ্ঠানটির ছয়জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফের প্রথম পাঠ (সবক) প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Ads small one

অবৈধ স্থাপনায় আটকে ছিল সড়কের কাজ, অবশেষে উচ্ছেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অবৈধ স্থাপনায় আটকে ছিল সড়কের কাজ, অবশেষে উচ্ছেদ

ইব্রাহিম খলিল: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দিবা-নৈশ কলেজের সামনের সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে সাতক্ষীরা পৌরসভা।

সাতক্ষীরা শহরের পি এন হাইস্কুলের সামনে থেকে পিটিআই হয়ে সুলতানপুর সড়কের সম্প্রসারণ ও ঢালাইয়ের কাজ চলছিল দীর্ঘ তিন মাস আগে থেকে। কাজটি সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার দিবা-নৈশ কলেজের সামনে পৌঁছালে ২৯ জুন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনার কারণে ওই অংশে কাজ বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন চলাচল, দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ওই স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক প্রশস্ত করে যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গত ২৯ জুন স্থানীয়রা মানববন্ধন করেন। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের সামনের অংশে সড়কের কাজ বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা যৌথভাবে অভিযান চালিয়ে সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা স্থাপনাটি উচ্ছেদ করে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা ছিল। স্থাপনাটির জন্য রাস্তা সম্প্রসারণের কাজ করা সম্ভব হচ্ছিল না। বিধি অনুযায়ী যেভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ঠিক সেভাবেই আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। সাতক্ষীরা পৌরসভার লোকজন ও আমাদের এস্টিমেটর ছিল। আমরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছি।

অভিযানের আগে স্থাপনার মালিককে নোটিশ দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, স্থাপনার যে ইট বা অন্যান্য মালামাল রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদের সময় দেওয়া হয়েছিল। এর আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পরও তারা মালামাল সরাননি। আমরা আসার পর তাদের আরও এক ঘণ্টা সময় দিয়েছিলাম। ওই সময়ের মধ্যে তারা দোকানের মালামাল সরিয়ে নেন। মালামাল সরিয়ে নেওয়ার পর আমরা আমাদের উচ্ছেদ অভিযান শুরু করি এবং সফলভাবে সম্পন্ন করেছি।

সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ হলে সুলতানপুর বড়বাজারের প্রবেশমুখে যানজট কমবে এবং যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় যশোর পিটিআই মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

১৩ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবির সিও, র‌্যাবের সিও, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী।

১৪ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিনি খুলনা জেলার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি খুলনা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতা এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

১৫ সেপ্টেম্বর সকাল নয়টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার জনপ্রতিনিধি, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি বাগেরহাট জেলা বিএনপির নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফর শেষে ওই দিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন।

আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা

পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান আসাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময় সভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আইনজীবী নূরুল ইসলাম, আইনজীবী এম এম আশেক-ই-ইলাহী মুন্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা তাঁতী দলের সভাপতি মো. হাসান শাহরিয়ার রিপন ও সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা, জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফারুক হোসেন এবং সেতারা নাসরীন প্রমুখ।

সভায় আগামী ১৩ সেপ্টেম্বরের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতা-কর্মীদের অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাটি সফল করার আহ্বান জানানো হয়।

আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আইনমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।