বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিএনপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজের কোনো স্থান নেই: সাবেক এমপি কাজী আলাউদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
বিএনপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজের কোনো স্থান নেই: সাবেক এমপি কাজী আলাউদ্দিন

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, নাজিমগঞ্জ বাজার কার্যালয় উদ্বোধন, নির্বাচনী গণসংযোগ শুরুর প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেছেন, ‘বিএনপি জনগণের সুরক্ষার সরকার। বিএনপিতে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজের স্থান নেই। আমি ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বাজেট নিয়ে এসেছি, যার মধ্যে মথুরেশপুর ইউনিয়নের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিএনপির মধ্যে আর কোনো ভাগাভাগি না করে আসুন, আমরা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব গড়ে তুলি। একক প্রার্থী হিসেবে সৎ ব্যক্তিত্ব মো. আব্দুস সালামকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি, আপনারা সবাই একমত হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিএনপি। শহীদ জিয়ার আদর্শেই দেশ পরিচালনা করেছেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তাঁদের আদর্শ বুকে ধারণ করে পথ চলছেন আমাদের নেতা তারেক রহমান। আসুন, আমরা মথুরেশপুর তথা কালিগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলি।’

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ইউনিয়ন জিয়া পরিষদ কার্যালয়ে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা আবু তাহের এবং মথুরেশপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সালাম গাইন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম টোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান, ইউপি সদস্য শেখ রহমত আলী, জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মথুরেশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতারা।

বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সালাম গাইনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তাঁর পক্ষে গণসংযোগ, প্রচারণা ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নেতারা।

 

Ads small one

আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা মেধাভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর সকালে কুল্যা বাগানবাড়ি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই কর্মকার ও ফাতেমা খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৮ জন শিক্ষার্থীকে ৭০০, ৬০০ ও ৫০০ টাকা করে বৃত্তির অর্থ এবং সবাইকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সার্বিক সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্যামানন্দ কুন্ডু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা আশরাফ আলী, খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যুব উন্নয়ন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং আশাশুনি থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি আব্দুর রহমান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের ভাষা ও গণিতের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে এফএলএন (ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা ও গণিতে মৌলিক দক্ষতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

আলোচনায় জানানো হয়, শিক্ষার্থীরা যেন বাংলা দেখে সাবলীলভাবে পড়তে পারে, পড়ার বিষয়বস্তু বুঝতে পারে এবং বাংলার চারটি মৌলিক দক্ষতাÑশোনা, বলা, পড়া ও লেখা অর্জন করতে পারে। পাশাপাশি গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগÑএই চারটি মৌলিক নিয়মে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত করতে শিক্ষার্থীদের ভাষা ও গণিতের মৌলিক দক্ষতা অর্জন জরুরি। বিদ্যালয়ে শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি বাড়িতে বাবা-মায়ের সহযোগিতা থাকলে শিশুদের শিখন আরও কার্যকর হবে। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি বাড়িতেও পড়াশোনার প্রতি নজর দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশ নেওয়া অভিভাবকেরাও বিদ্যালয়ের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।