রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

উত্তর প্রদেশে ৬০ ঘণ্টার টানা বৃষ্টিতে নিহত ৫৬

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
উত্তর প্রদেশে ৬০ ঘণ্টার টানা বৃষ্টিতে নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার অতিভারী বর্ষণে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৬ জন। রাজ্য সরকারের দেওয়া তথ্যানুযায়ী, এই দুর্যোগে ১০৭টি গবাদিপশু মারা গেছে এবং ১ হাজার ২১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের একাধিক জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সীতাপুরে সর্বোচ্চ ৭ জন, লখিমপুর খেরি, বাহরাইচ ও বলরামপুরে ৫ জন করে এবং অযোধ্যা ও গোরখপুরে ৪ জন করে মারা গেছেন। সবচেয়ে বেশি গবাদিপশুর মৃত্যু (২৮টি) এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি (২৭২টি) হয়েছে হরদোই জেলায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ফারুখাবাদে স্বাভাবিকের চেয়ে ২০০ গুণ, কানপুর নগরে ১৬০ গুণ এবং কনৌজ, কানপুর দেহাত ও হরদোইতে ১৩০ গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্দা ও ফতেগড়ে ২২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপটি উত্তর প্রদেশের দিকে অগ্রসর হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের মধ্যাঞ্চল ও তরাই অঞ্চলের কিছু অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে উত্তর প্রদেশ সরকারের কঠোর সমালোচনা করেছে বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতার একটি ভিডিও শেয়ার করে এক্সে লিখেছেন, গঙ্গা এক্সপ্রেসওয়েতে বিজেপির দুর্নীতির নদী বইছে। নাম পরিবর্তনকারীদের জন্য চমৎকার সুযোগ, এর নতুন নাম দিন: গঙ্গা এক্সপ্রেস ওয়াটারওয়ে। অত্যন্ত নিন্দনীয়!

অন্যদিকে বিএসপি প্রধান মায়াবতী অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Ads small one

সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদের প্রয়াণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদের প্রয়াণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়াডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ গাজী (৭৭) মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভোগার পর রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পলাশপোলে মেয়ের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজ, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা শেষে আশাশুনির তুয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও দীঘি রক্ষায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও দীঘি রক্ষায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার ময়লা-বর্জ্য ব্যবস্থাপনা সঠিক রাখা এবং পার্ক সংলগ্ন পৌর দীঘির পানি দূষণমুক্ত রাখার দাবি জানিয়েছে সাতক্ষীরা পৌর নাগরিক সমাজ।

পৌর নাগরিক সমাজের অর্ধবার্ষিকী সাধারণ সভায় বক্তারা পরিবেশগত ক্ষতি রোধে মেলার পর বর্জ্য অপসারণ ও ড্রেনের পানি দীঘিতে পড়া বন্ধে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেন। এই বিষয়ে শিগগির পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং সঞ্চালনা করেন তাপসী ম-ল। বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোহুরা খাতুন মীরা, সবুজ কুমার সাহা, মো. মফিজুর রহমান ও আব্দুস সামাদ বক্তব্য দেন। সভায় পরিবেশ রক্ষায় শহরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান নাগরিক সমাজের সদস্যরা।

 

আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণে মাটির পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণে মাটির পরীক্ষা শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবনের ‘সয়েল টেস্ট’ (মাটির গুণাগুণ পরীক্ষা) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নতুন সাততলা ভবনের মাটির পরীক্ষা কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আব্দুল ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী শেখ মো. সার্জিল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ গোলদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।