রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের সম্মেলনের পর ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের অসংবেদনশীল পণ্যে শুল্ক কমানোর বিষয়ে এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বাণিজ্য প্যাকেজের তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই দেশের মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছিল, এই চুক্তিকে তার বরফ গলার বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সমঝোতার ফলে অনেক ধরনের ভোক্তা পণ্যের দাম কমতে পারে, যা মূল্যস্ফীতির কারণে চাপে থাকা মার্কিন ক্রেতাদের কিছুটা স্বস্তি দেবে।

চুক্তির কৌশল অনুযায়ী, চীন কিছু নির্দিষ্ট কৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠজাত পণ্য, প্রসাধন সামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে শুল্ক কমাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ছোটখাটো গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, উৎসবের সাজসজ্জার সামগ্রী এবং শিশুদের কার সিটের ওপর শুল্ক হ্রাস করবে।

একই সঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালে প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি মেট্রিক টন কয়লা আমদানি করবে চীন। বাণিজ্য যুদ্ধ শুরুর আগে দেশটি মার্কিন কয়লার শীর্ষ পাঁচ আমদানিকারকের অন্যতম ছিল, যা পরবর্তীতে ব্যাপকভাবে হ্রাস পায়।

তবে দুই দেশের বাণিজ্য বিরোধের অন্যতম প্রধান বিষয় বিরল খনিজ উপাদানের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত সরবরাহ শৃঙ্খলের ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ কাটাতে দুই দেশ কাজ চালিয়ে যাচ্ছে, যাতে পণ্য চালানের পরিমাণ পুনরায় উপযুক্ত মাত্রায় ফিরিয়ে আনা যায়।

Ads small one

সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী পালন

সহকর্মীদের ভালোবাসায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি পালন করা হয়।

শেখ রেজাউল ইসলাম বাবলু ১৯৭১ সালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি শেখ আবদুল বারীর মেজ ছেলে। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খবর বাংলাদেশ’-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাতক্ষীরা প্রেসক্লাবের অন্যতম সদস্য। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনসহ সহ-সভাপতি, সংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি

কালিগঞ্জে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
কালিগঞ্জে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ধারাবাহিক হামলা ও হুমকির অভিযোগের মধ্যে সংবাদকর্মী ও ব্যবসায়ী শেখ ফিরোজ আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নেট, পলিথিন ও জিও শিটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

২৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার রতনপুর বাজারে অবস্থিত ‘এস কে এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানে এই অগ্নিসংযোগ ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ ফিরোজ আহমেদ স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার।
ফিরোজ আহমেদের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় দোকানের পেছনের অংশ দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বিপুল মালামাল পুড়ে যায়। তাঁর দাবি, এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জের ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কিছুদিন ধরে হুমকি-ধামকির শিকার হয়ে আসছেন। এর আগে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল।

এর আগে গত আগস্টে একই উপজেলায় সংবাদকর্মী ফেরদৌস আহমেদ ও শেখ ফিরোজ আহমেদের ওপর পৃথক হামলার ঘটনা ঘটে। ফিরোজ আহমেদ জানান, এসব ঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দেওয়া হলেও পুলিশ তদন্তের নামে দীর্ঘসূত্রতা করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর আগের হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা।
২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, তলুইগাছা সীমান্ত থেকে ভারতীয় মদ, সুলতানপুর সীমান্ত এলাকা থেকে ওষুধ, বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঝাঁউডাঙ্গা ক্যাম্পের টহল দল ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে।
শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। দেশীয় শিল্প সুরক্ষা এবং রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।