কলারোয়া সীমান্তে চিহ্নিত মাদক কারবারি মোস্তফা ফের গ্রেপ্তার
বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত অঞ্চলের চিহ্নিত মাদক কারবারি মোস্তফাকে (ওরফে মোস্ত) ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কলারোয়া থানাধীন সিংগা বাজার এলাকা থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা সীমান্ত এলাকা বেলতলা (বাগুড়ী) গ্রামের মৃত শেখ নাজিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও গত ২৩ জুন ২২ পিস ইয়াবাসহ এবং তার কিছুদিন আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে পুনরায় সীমান্ত এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, গ্রেপ্তার মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।









