খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থানে আশাশুনিতে সমবায় সভা
সংবাদদাতা: আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে খুলনা বিভাগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি উপজেলা সমবায় কর্মকর্তা মো. আশরাফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী।
বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মাসুদা পারভীন বলেন, সমবায়ের মাধ্যমে দক্ষতা উন্নয়নের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা খুলনা বিভাগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে নতুন দিগন্তের উন্মোচন করবে। দীর্ঘমেয়াদে সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতেই টেকসই কর্মসংস্থান নিশ্চিতের এই উদ্যোগ।
সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা আশিক উর রহমান উল্লেখ করেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া অংশকে মূলধারায় নিয়ে আসবে। পাশাপাশি এই ধরনের প্রকল্পে অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, যা তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
সভায় মোট ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাঁরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা জানান, সমবায় ব্যবস্থার মাধ্যমে তাঁরা নতুনভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পারছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রকল্পটির আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে কারিগরি জ্ঞান, নেতৃত্বের গুণাবলি ও অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।












