চাম্পাফুল এপিএইচ মাধ্যমিক স্কুলে অ্যাডহক কমিটি বাতিলের দাবি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা সীমান্তের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিএইচ) মাধ্যমিক বিদ্যাপীঠে বিধি বহির্ভূতভাবে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ তুলে তা বাতিলের আবেদন করা হয়েছে। অভিভাবক আজগার হোসেন গাইন ও মিজানুর রহমান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এ লিখিত আবেদন জানান।
আবেদনে অভিযোগ করা হয়, প্রবিধানমালা অনুযায়ী পূর্বানুমতি না নিয়ে এবং নীতিমালার শর্ত পূরণ না করেই প্রতারণামূলকভাবে অ্যাডহক কমিটি অনুমোদন করানো হয়েছে। এতে স্বজনপ্রীতি ও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগও আনা হয়। ইতিপূর্বে কমিটি বাতিলের আবেদন করা হলেও কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।











