চৌবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ সড়কে শিক্ষার্থীদের দুর্ভোগ
সীমান্ত প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ থেকে আব্দুল বারি ফোরকানিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। মেরামত বা সংস্কারের উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম, রাহানুর রহমান ও জামাত আলী জানান, দীর্ঘ দিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা মাত্র আধা কিলোমিটারের এই সড়কটির কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, রাস্তাটি একটি পুকুরপাড় দিয়ে তৈরি হওয়ায় প্রতি বর্ষায় ধসে পুকুরগর্ভে বিলীন হয়ে যায়। দুর্ভোগ লাঘবে দ্রুত পুকুরপাড়ে পাইলিং ও মাটি ভরাট করে ইট বিছিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।






