পাইকগাছায় কাজী ইমদাদুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশিষ্ট সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সম্মাননাপত্র ও পুরস্কার বিতরণ।
বুধবার বেলা ১১টায় উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
বিশেষ অতিথি ছিলেন স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, কবি, লেখক, শিল্পী ও অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ মুনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ফারুক হোসেন, সাহেব আলী, জি এম হারুন অর রশিদ, সমাজসেবক সাথী সরকার, লিনজা আক্তার মিথিলা ও রিমি আক্তার। এ সময় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাজী ইমদাদুল হকের কর্মময় জীবন নিয়ে রচনা প্রতিযোগিতায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা ইসলাম প্রথম, নিঝুম সওদা এশা ও রিমি গাইন মিথিলা যৌথভাবে দ্বিতীয় এবং সুমাইয়া সুলতানা তৃতীয় স্থান অর্জন করে। কুইজ প্রতিযোগিতায় লিনজা আক্তার মিথিলা প্রথম, রাইসা আক্তার মুন দ্বিতীয় এবং পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী আবির সরকার (অভ্র) তৃতীয় হয়। এ ছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৩০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। ২০১৬ সাল থেকে সংগঠনটি কাজী ইমদাদুল হক স্মৃতি পদক, সম্মাননাপত্র ও পুরস্কার প্রদান করে আসছে।












