শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রসঙ্গ: শ্রেণিকক্ষ-সংকটে ছাদের ওপর তাবু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
প্রসঙ্গ: শ্রেণিকক্ষ-সংকটে ছাদের ওপর তাবু

সম্পাদকীয়

শিক্ষাকে জাতির মেরুদ- বলা হলেও, সেই শিক্ষার প্রাথমিক ভিত্তি যেখানে গড়ে ওঠে, সেখানে যদি ন্যূনতম অবকাঠামোগত সুবিধা না থাকে, তবে তা অত্যন্ত হতাশাজনক। খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র উঠে এসেছে, তা কেবল উদ্বেগের নয়, বরং চরম পীড়াদায়ক। প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদানের জন্য মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ থাকায় বাধ্য হয়ে ভবনের খোলা ছাদের ওপর তাবু টাঙিয়ে ক্লাস নিতে হচ্ছে। কোনো একটি সরকারি প্রাথমিকে রোদে পুড়ে আর বৃষ্টিতে বই-খাতা ভিজিয়ে শিশুদের ক্লাস করতে হবেÑএই আধুনিক যুগে এসে তা ভাবাও কঠিন।

বিদ্যমান এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা গ্রহণ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের সুরক্ষা ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মক রূপ নিয়েছে। বর্ষার দিনে তাবু চুইয়ে পানি পড়ে ক্লাস বন্ধ করে দিতে হয়, যা শিশুদের মনে পড়াশোনা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রধান শিক্ষক কিংবা অভিভাবকেরা যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, তা অত্যন্ত যৌক্তিক। শ্রেণিকক্ষের সংকটে এভাবে তাবু টাঙিয়ে ক্লাস চালানো কোনো টেকসই বা নিরাপদ ব্যবস্থা হতে পারে না।

আমরা প্রায়ই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে বড় বড় পরিকল্পনার কথা শুনি। কিন্তু মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর এই দুরবস্থা প্রদীপের নিচের অন্ধকারকেই যেন ফুটিয়ে তোলে। অবকাঠামোগত সংকট রেখে শিক্ষার সার্বিক মান বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও কিংবা উপজেলা শিক্ষা দপ্তরের ‘অবহিত থাকা’ সত্ত্বেও সমাধান না হওয়া প্রশাসনিক দীর্ঘসূত্রতারই পরিচায়ক।

অন্তর্বর্তীকালীন সমাধানের নামে অনির্দিষ্টকালের জন্য কোমলমতি শিশুদের এমন ঝুঁকিপূর্ণ ও কষ্টকর পরিবেশে ফেলে রাখা যুক্তিসংগত নয়। স্থানীয় শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের জোর দাবিÑআমলাতান্ত্রিক জটিলতা পাশ কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ অথবা অতিরিক্ত শ্রেণিকক্ষ সম্প্রসারণের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হোক। শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক ও নৈতিক দায়িত্ব।

Ads small one

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

 

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দিন মামুন, সরদার আসাদুজ্জামানসহ অন্যারা।

 

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

সাতক্ষীরা মিলগেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি সবুর ও সম্পাদক মিজানুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
সাতক্ষীরা মিলগেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি সবুর ও সম্পাদক মিজানুর

সাতক্ষীরা মিলগেট বাজার উন্নয়ন কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম। প্রধান নির্বাচন কমিশনার গাজী শাহজাহান সিরাজের পরিচালনায় ৯টি পদের জন্য মোট ১৫০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সবুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আমীরুল ইসলাম রাজু (মোরগ প্রতীক) পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে গাভী প্রতীকে ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মিজানুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শরিফুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট।

বাকি সাতটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সহসভাপতি ইউসুফ আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রচার সম্পাদক মাদুর রহমান এবং কার্যকরী সদস্য তরিকুল ইসলাম ও মোহাম্মদ নুরু উদ্দিন। প্রেসবিজ্ঞপ্তি

 

সুন্দরবনে লোকালয় থেকে ছাগল ধরে খেল বিশাল কুমির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সুন্দরবনে লোকালয় থেকে ছাগল ধরে খেল বিশাল কুমির

পত্রদূত ডেস্ক: বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন ঢাংমারি খালের পার থেকে একটি গৃহপালিত ছাগল শিকার করে খেয়ে ফেলেছে একটি বিশাল আকৃতির কুমির। শনিবার (১ আগস্ট) সকালে ঢাংমারি খালে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, খালের ভেতরে বিশাল আকৃতির কুমিরটি ছাগলটিকে মুখে চেপে ধরে পানির ওপর আছড়ে মারছে। একপর্যায়ে পানির মধ্যেই ছাগলটিকে গিলে ফেলে কুমিরটি। নৌপথে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, সুন্দরবনসংলগ্ন লোকালয়ের খালের পার থেকে গৃহপালিত প্রাণী শিকার করার এমন ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে প্রথম। ঢাংমারি খালটি চাঁদপাই রেঞ্জের একটি গুরুত্বপূর্ণ জলপথ। সুন্দরবনের ভেতরে কুমিরের নিয়মিত বিচরণ দেখা গেলেও লোকালয়ের এত কাছাকাছি এসে শিকার করার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।