বৈশাখী হালখাতা
নাজমুল হাসান
বছরজুড়ে মুদির দোকান
বাকির খাতা খোলা
কাপড়, ওষুধ, মাছ, গোশতের
হিসেব থাকে তোলা।
মানিব্যাগের ভাঁজে ভাঁজে
সকল সময় টাকা
বাকি নিয়ে হেসে বলি-
লিখে রাখুন কাকা!
সারাবছর কাকার খাতায়
জমতে থাকে বাকি
বোশেখ মাসের জন্যে আমি
গোঁফে তেল মাখি।
মিষ্টি খাওয়ার জন্য এসব
ভাবেন কেন মিছে!
বাকি নেয়ার মধ্যে অনেক
লজিক আছে পিছে।
সারাবছর নগদ টাকায়
পণ্য কিনে থাকি
মিষ্টি খেতে দেয় না কাকা
না থাকলে বাকি।
বোশাখ এলে খামের ভাঁজে
খবর আসে বাড়ি
পাওনা টাকা শোধ করে পাই
মিষ্টি ভরা হাড়ি।
হালখাতা খাম আমার কাছে
ভীষণ ভারি লাগে
পুরানো দেনা চুকিয়ে দেওয়ার
সুখটি মনে জাগে।
নতুন খাতার নতুন দিনে
পথ চলা হয় শুরু
বাকি খাওয়া নয়তো ভালো
বলেন আমার গুরু।












