মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড

মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ সংকটের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানিতে রেকর্ড গড়েছে। তবে এই রফতানি বৃদ্ধির ধারা দীর্ঘমেয়াদে ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির নিজস্ব লজিস্টিকস ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের বন্দর ও টার্মিনালগুলোর সক্ষমতা একটি সর্বোচ্চ সীমার দিকে ঠেলে দিচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ‘জ্বালানি আধিপত্য’ এজেন্ডার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াচ্ছে। হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যা মার্কিন তেল ও গ্যাসের রফতানিকে ভূ-রাজনৈতিক দিক থেকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ফেডারেল তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র রেকর্ড ১২ দশমিক ৯ মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানি করেছে। ইস্ট ড্যালি অ্যানালিটিক্সের রব উইলসন জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের গতিপথ বদলে যাচ্ছে, যা যুদ্ধের পরও স্থায়ীভাবে পরিবর্তিত হতে পারে।

বাজার গবেষণা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মাসিকভিত্তিতে প্রথমবারের মতো প্রতিদিন গড়ে ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানির সম্ভাবনা রয়েছে। কেপলারের ম্যাট স্মিথ জানান, হরমুজ প্রণালি বন্ধ থাকায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বা বড় ট্যাঙ্কারের প্রাপ্যতা বেড়েছে, যার সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

রফতানি বাড়লেও এর পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। ম্যাট স্মিথের মতে, লজিস্টিক সীমাবদ্ধতার কারণে মাসিক রফতানির একটি সর্বোচ্চ সীমা ৫ দশমিক ৫ মিলিয়ন ব্যারেলের আশপাশে থাকতে পারে। ইস্ট ড্যালি অ্যানালিটিক্সের রব উইলসন মনে করেন, অতিরিক্ত অপরিশোধিত তেল রফতানির ক্ষেত্রে ১ থেকে ২ মিলিয়ন ব্যারেলের একটি সীমা রয়েছে।

অন্যদিকে এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির রিফাইনারি বিশ্লেষক উইলিয়াম ও’নিল জানান, ডিজেলসহ অন্যান্য পণ্যের মজুত দ্রুত কমে আসছে। তিনি বলেন, ‘রিফাইনারিগুলো উচ্চমাত্রায় চালু থাকলেও বর্তমান রফতানির এই হার অনির্দিষ্টকাল ধরে রাখা সম্ভব হবে না। কারণ অভ্যন্তরীণ মজুত কমে এলে রিফাইনারিগুলোকে রফতানি কমাতে বাধ্য হতে হবে।’

হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানান, রিফাইনারিগুলো প্রেসিডেন্টের জ্বালানি এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সম্প্রতি টেক্সাসের ব্রাউনভিলে নতুন একটি রিফাইনারি খোলার ঘোষণা দেওয়া হয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের বন্দর ও টার্মিনালগুলোর সক্ষমতা বাড়াতে বড় ধরনের বেসরকারি বিনিয়োগের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

ক্লিয়ারভিউ এনার্জি পার্টনার্সের জ্যাক রূসো বলেন, উপসাগরীয় অঞ্চলে বন্দর সম্প্রসারণের বেশ কিছু প্রকল্প পরিকল্পনা পর্যায়ে থাকলেও, বর্তমানে কেবল টেক্সাস গালফলিংক প্রকল্পটির কাজ এগিয়ে চলেছে। রব উইলসন বলেন, যদি জ্বালানির উচ্চমূল্য ও ভূ-রাজনৈতিক ঝুঁকি দীর্ঘস্থায়ী হয় এবং বিশ্ব ক্রেতারা হরমুজ প্রণালির মতো ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে চলতে অগ্রাধিকার দেয়, তবেই হয়তো বন্দর সক্ষমতা বাড়ানোর নতুন প্রকল্পগুলো বাস্তবায়নের গতি পাবে।

সূত্র: অ্যাক্সিওস

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।