শ্যামনগরে পরিবেশ দিবস উপলক্ষে ফলজ চারা বিতরণ
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর প্রধান কার্যালয় থেকে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার ম-ল।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পুষ্টির চাহিদা পূরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লিডার্স কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দিবস সপ্তাহজুড়ে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণীদের মাঝে ২০ হাজার ফলজ ও বনজ গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে দুটি করে কদবেল, সবেদা, মাল্টা, পেয়ারা, জামরুল ও কুলের চারা দেওয়া হচ্ছে, যা দিয়ে বাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলা সম্ভব।
চারা বিতরণ অনুষ্ঠানে সহযোগী সংস্থা ‘গেইন’-এর টেকনিক্যাল পার্সন ড. মনিরুদ্দিনসহ লিডার্সের কর্মকর্তা বিপাশা, তানিয়া, সুলতা সাহা, সুব্রত কুমার গাইন ও অনুপ ম-ল উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই কর্মসূচিতে চারা বিতরণের পাশাপাশি জারি গান, মানববন্ধন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানানো হয়।









