সাতক্ষীরায় চার দলীয় কাবাডি টুর্নামেন্ট
পত্রদূত ডেস্ক: আনন্দমুখর পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার ঐতিহাসিক পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আম বাগান চত্বরে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব পূর্বপাড়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বলাকা ক্লাবকে ৩৪-২২ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লায়ন্স ক্লাব।
আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল হাকিম ও আবু মুসা।
ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।












