সাতক্ষীরায় ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আগামী ২৮ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নির্দেশনায় সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা লিগ্যাল এইড কমিটি।
জেলা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানা গেছে, দিবসটির এবারের আয়োজনে থাকছে বর্ণাঢ্য র্যালি, মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ এপ্রিল সকাল সাড়ে সাতটায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটায় আদালত চত্বরে শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা এবং ‘লিগ্যাল এইড মেলা’। এরপর সকাল সাড়ে নয়টায় দিবসটির তাৎপর্য ও সরকারি আইনগত সহায়তার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে বিকেল সাড়ে পাঁচটায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, গরিব ও অসহায় বিচারপ্রার্থীদের মধ্যে সরকারি আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।









