হামলার মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরার কুশখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা করার পর বাদীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরও হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
গত ১০ আগস্ট কুশখালী এলাকায় অশোক কুমার রায় (৫০) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে প্রতিবেশী অরুণ কুমার বিশ্বাস ও তাঁর দুই ছেলে সুশান্ত কুমার ও প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে। হামলায় অশোক কুমার, তাঁর ভাই দীপঙ্কর ও কাকা রতন আহত হন। বর্তমানে তাঁরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অশোক কুমার রায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।






