সাতক্ষীরার হাড়দ্দাহে এক উঠানে দুই দেশ
একই মায়ের পাঁচ ভাই, কেউ এপারে বাংলাদেশি কেউ ওপারে!
আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন থেকে দক্ষিণের সীমান্ত বেড়ি ধরে প্রায় পাঁচ কিলোমিটার এগোলেই হাড়দ্দাহ গ্রাম। আর এই সীমান্তেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ‘এক নম্বর সীমান্ত পিলার’। বাংলাদেশ ও ভারতের মাঝে আন্তর্জাতিক সীমান্তে মোট ৮ হাজার ৩৯৬টি সীমানা পিলার রয়েছে। ব্রিটিশ আমলে রিডক্লিফ কমিশনের দাগ টেনে দেওয়া সেই সীমানা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ইছামতি নদীর তীরবর্তী এই পিলারটি মাটির উপরে প্রায় পাঁচ ফুট ও নিচে প্রায় ৪০ ফুট গভীরে রয়েছে। ছুটির দিনগুলোতে দূরদূরান্ত থেকে কৌতূহলী মানুষ এই বৈচিত্র্যময় সীমান্ত জীবন দেখতে ভিড় করেন। হাড়দ্দাহ সীমান্তের এই ভূখ-ে যেন ভূগোল এক অদ্ভুত খেলায় মেতেছে।

স্থানীয় বাসিন্দা ওসমানী গনী জানান, সীমান্তের এই অঞ্চলে এমনও অদ্ভুত দৃশ্য দেখা যায়, যার বাড়ি বাংলাদেশে হলেও রান্নাঘরটি পড়েছে ভারতের সীমানায়! আবার এপারে থাকা কোনো তালগাছের পাতা বা ফল গিয়ে পড়ে ওপারে। স্থানীয় পানিতর জামে মসজিদে আশপাশের মানুষ নিয়মিত নামাজ আদায় করতে যান। এই সীমান্তবর্তী এলাকায় বর্তমানে প্রায় ১৪টি বাংলাদেশি পরিবার বসবাস করছে। সীমান্তের এই অজপাড়াগাঁয়ের জীবন সংগ্রামের এক বাস্তব চিত্র পাওয়া যায় স্থানীয় বাসিন্দা শওকত আলীর কথায়। একই বাবা মায়ের ৫ সন্তানের মধ্যে শওকত গাজী বাদে সবাই ভারতে নাগরিক হয়ে গেছেন।
ব্রিটিশ আমলের দেশভাগের ইতিহাস স্মরণ করে স্থানীয় বাসিন্দা শওকত গাজী জানান, দেশভাগের সময় যার যার ভাগ্য ও অবস্থান অনুযায়ী মানুষ দুই দেশে থেকে গেছেন। আমার পরিবার বাংলাদেশে অবস্থান করলেও ভাইয়েরা (দাউদ গাজী, আবেদ গাজী, মন্টু গাজী, সিরাজুল ইসলাম গাজীসহ অন্যান্যরা) ভারতের নাগরিক হিসেবে ওপারে বসবাস করছেন এবং সে দেশের সুযোগ-সুবিধা ভোগ করছেন। পৈতৃক সূত্রে পাওয়া সেই জমিজমা ও সীমান্ত পিলারের জটিল প্যাঁচের কারণে দুই পাড়ের ভৌগোলিক দূরত্ব তৈরি হলেও রক্ত সম্পর্কের টান এখনও মুছে যায়নি। তবে বর্তমান কঠোর সীমান্ত নিরাপত্তার কারণে আগের মতো অবাধ যাতায়াত বা জিনিসপত্র আদান-প্রদান আর নেই। অতীতে চোরাচালান বা কালোবাজারী ব্যবসার সময় পারাপার কিছুটা সহজ হলেও এখন ১০০ গ্রাম চিনিও এপার-ওপার করতে দেওয়া হয় না। এত সব সীমানা প্রাচীর আর কড়াকড়ির মাঝেও নিজের দেশ বাংলাদেশ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট ও ভালো আছেন বলে জানান শওকত আলী।

হাড়দ্দাহ সীমান্তের এই বৈচিত্র্যময় জীবনযাত্রা দেখতে সম্প্রতি সেখানে বেড়াতে এসেছিলেন মেহেরুননেসা। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। দুই দেশের ১ নম্বর সীমানা পিলার এবং দুই দেশের মানুষ কীভাবে পাশাপাশি বসবাস করছেÑএই দৃশ্যগুলো দারুণ এক অনুভূতির জন্ম দিয়েছে।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অক্ষুণ্ণ রেখেই এই এলাকার মানুষ যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। ইছামতির স্রোত আর সীমান্ত পিলারের মায়াজালে ঘেরা হাড়দ্দাহ যেন দুই বন্ধুপ্রতিম দেশের মানুষের সহাবস্থানের এক জীবন্ত ক্যানভাস।

এ প্রসঙ্গে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান জানান, হাড়দ্দাহ সীমান্তের এই দুর্গম অংশে বসবাসকারী ১৪টি বাংলাদেশি পরিবারের নিরাপত্তা ও সুরক্ষায় সীমান্তরক্ষী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। আন্তর্জাতিক সীমানা ও কঠোর নিরাপত্তার বিধিবিধান কঠোরভাবে বজায় রাখার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের টহল দল ২৪ ঘণ্টা সজাগ ও নজরদারিতে নিয়োজিত রয়েছে। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দুই পাড়ের মানুষের বহুকালের পারিবারিক ও সামাজিক মেলবন্ধনকে আমরা সবসময় সম্মান জানাই। এই সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং সীমান্তবাসীর জীবনযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।












