সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

এস এম বিপ্লব হোসেন: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এ প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে কর্মসূচিতে ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণীরা প্রতীকী মৃতদেহ সেজে কাফনের কাপড় পরে অভিনব প্রতিবাদ জানান।

কর্মসূচির শুরুতে তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়। এ সময় কাফনের কাপড় পরিহিত তরুণরা জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের দায় উন্নত বিশ্বকে নিতে হবে এবং উপকূলের মানুষের অপূরণীয় ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

বক্তারা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশের জন্য যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’ উপকূলীয় মানুষের প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে বক্তারা বলেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না বলেন, ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ।’ এ সময় ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে স্মরণীয় ১৫ নভেম্বর ‘সিডর দিবস’। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী, এতে ৩ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটে এবং লক্ষাধিক মানুষ আহত ও সর্বস্বান্ত হন।

সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর মন থেকে মুছে যায়নি। বরং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সিডর ও আইলার মতো ভয়াবহ দুর্যোগের ঝুঁকি বাড়ছে। সিডর দিবসে উপকূলের তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্বনেতাদের টনক নড়বে? অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু বিপর্যয় রোধ করে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

Ads small one

আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ন্যাশনাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন। অন্য এক পোস্টে তিনি বলেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাঁর চেয়ে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছিলেন আসিফ মাহমুদ। ওই দিন গোপালগঞ্জে কারফিউ জারি ও অস্থিরতা পর্যবেক্ষণের সময় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল।

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুনে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক ইংল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এ সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে।

তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

 

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালায় পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দুই শিশুর অভিভাবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় শিশুটির বাবা শেখ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অন্যদিকে, নগরঘাটা গ্রামে আরেকটি বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিশুবরের বাবা মো. নুরুল ইসলামকে ১৫ দিনের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দ-প্রাপ্ত দুজনকে ওই দিন সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা উভয় বিয়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।