আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প শেষ
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে আয়োজিত পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডসের ‘লিলিয়ান ফন্ডস’-এর অর্থায়নে এবং ‘সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট’ (সিডিডি)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়াল’ এই ক্যাম্পের আয়োজন করে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১ মে উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত উপজেলার শ্রীউলা, কুল্যা, বড়দল ও সদর ইউনিয়নে মোট ৭টি স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়। এসব ক্যাম্পে সর্বমোট ৩৬৪ জন প্রতিবন্ধী শিশু ও যুবর শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করা হয়েছে। ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। ক্যাম্পটি পরিচালনা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট মো. শামীম রহমান।








