মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সম্পাদকীয়: প্রসঙ্গ: সাতক্ষীরায় ক্যানসার চিকিৎসার শূন্যতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
সম্পাদকীয়: প্রসঙ্গ: সাতক্ষীরায় ক্যানসার চিকিৎসার শূন্যতা

 

উপকূলীয় জেলা সাতক্ষীরায় মরণব্যাধি ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয় সচেতন মহল ও উন্নয়নকর্মীদের ধারণা, জেলাটিতে বর্তমানে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজারেরও বেশি। জাতীয় গড়ের চেয়ে এই সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার পেছনে দায়ী করা হচ্ছে এই অঞ্চলের ভূগর্ভস্থ পানির অতিরিক্ত লবণাক্ততা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও পরিবেশ দূষণকে। ক্যানসার যেখানে এই অঞ্চলে এক নীরব মহামারি হিসেবে জেঁকে বসছে, সেখানে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবার চিত্রটি চরম হতাশা ও উদ্বেগের।
দুর্ভাগ্যজনক বিষয় হলো, সাতক্ষীরায় এত বড় একটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার সদর হাসপাতাল থাকা সত্ত্বেও ক্যানসার রোগীদের জন্য কোনো বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা নেই। হাসপাতাল দুটির কোনোটিতেই আলাদা কোনো অনকোলজি (ক্যান্সার) বিভাগ, দক্ষ জনবল কিংবা কেমোথেরাপি ও রেডিওথেরাপির ন্যূনতম সুযোগ নেই। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের আধুনিক ডায়াগনস্টিক সুবিধাও এখানে অনুপস্থিত। ফলে রোগাক্রান্ত হওয়ার পর হতদরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে ঢাকা, খুলনা কিংবা প্রতিবেশী দেশ ভারতে।
ক্যানসার শুধু একটি মরণব্যাধিই নয়, এটি একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়ার মতো অর্থনৈতিক যুদ্ধও বটে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমিজমা ও শেষ সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ছে শত শত পরিবার। টাকার অভাবে অনেকের চিকিৎসা মাঝপথেই বন্ধ হয়ে যায়, যা প্রকারান্তরে রোগীকে অবধারিত মৃত্যুর মুখে ঠেলে দেয়। একটি কল্যাণকামী রাষ্ট্রে নাগরিকেরা চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এভাবে দেউলিয়া হয়ে পড়বেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারি এই উদাসীনতা ও শূন্যতার মাঝেও আশার আলো দেখাচ্ছেন খুলনা মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় একটি ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছেন। একজন চিকিৎসকের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র ও স্বাস্থ্য বিভাগের যে দায়িত্বটি সবার আগে পালন করার কথা ছিল, তা কেন একজন চিকিৎসকের ব্যক্তিগত বদান্যতার ওপর নির্ভর করবে?
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারি হাসপাতালে অন্তত ১০ শয্যার একটি প্রাথমিক ক্যানসার ইউনিট চালু এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের দাবি জানিয়ে আসছে। সীমান্তবর্তী ও প্রান্তিক এই জেলার মানুষের এই দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়ের দাবি।
আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর কালক্ষেপণ করার সুযোগ নেই। অবিলম্বে সাতক্ষীরা জেলায় আক্রান্তদের প্রকৃত সংখ্যা নিরূপণে একটি সঠিক ‘ক্যানসার রেজিস্ট্রি’ বা ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে আধুনিক ক্যানসার ইউনিট ও রোগ নির্ণয় কেন্দ্র গড়ে তুলতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ক্যানসার চিকিৎসার মতো মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের অন্যতম জরুরি দায়িত্ব। সাতক্ষীরার হাজারো ক্যানসার রোগীর জীবন ও তাঁদের পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেÑএটাই আমাদের প্রত্যাশা।

Ads small one

আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রেবেশের অভিযোগে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রেবেশের অভিযোগে মানববন্ধন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কাপসন্ডা বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বোরহান উদ্দিন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইউনুছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সেলিম মোল্লা, খাজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সাত্তার গাজী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদুল গাজী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান প্রমুখ। কর্মসূচিতে এসময় বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর আশাশুনি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অহিদুল মোল্লা অংশগ্রহণ করেন। তারা দাবী করেন, উক্ত অহিদুল মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামী।

 

বক্তারা আরো বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতা তার কাছ থেকে সুবিধা নিয়ে তাকে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু দলের দুঃসময়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে এভাবে চিহ্নিত কোনো আওয়ামী লীগ নেতাকে বিএনপির মঞ্চে গ্রহণ করাকে তৃণমূল নেতাকর্মীরা কিছুতেই মেনে নেবে না। বক্তারা এসময় বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লার গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সাথে তিনি যাতে কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি”—এমন প্রত্যয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় এনে দক্ষ ও সচেতন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা সন্তোষস্বর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সংবাদদাতা: সাতক্ষীরায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি-ডিসেম্বর ২০২৬ সেশনের প্রথম পর্ব ও ভেটেরিনারি জুলায়-জুন ২০২৫-২০২৬ সেশনে দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষাটি শুরু হয়। এ কেন্দ্রে মোট ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

কেন্দ্র সচিব ফেরদাউস আরেফিন জানান, সকাল থেকেই সুন্দর ও শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সকল কার্যক্রম বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং এন্ড ভেটেরিনারি ইন্সটিটিউটের পরিচালক ফিরোজ আহম্মেদ বলেন, আমার সব শিক্ষার্থী যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। আশা করছি তারা ভালো ফলাফল করবে।