আশাশুনিতে বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে লিজ নেওয়া জমি অবৈধভাবে দখলে ব্যর্থ হয়ে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে হাসান শাহরিয়ার দাবি করেন, শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় তাদের পৈতৃক প্রায় ৩২ একর জমি এসএ খতিয়ানে ভুলবশত খাস খতিয়ানভুক্ত হয়। পরবর্তীতে আদালত তাদের পক্ষে রায় দেন এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এই জমির মধ্য থেকে মালিকপক্ষ ৬ একর জমি রাজু আহমেদ পিয়াল নামের একজনকে লিজ দেয়। পিয়ালের কাছ থেকে আবার মৌখিক চুক্তিতে ২ একর জমি নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করে আসছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলামসহ কয়েকজন। অভিযোগ করা হয়, সম্প্রতি আমিরুল ও তার সহযোগীরা ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা শুরু করেন। এতে ব্যর্থ হয়ে গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘কথিত ভূমিহীন’ সেজে মানববন্ধন করেন তারা।








