বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন, সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন, সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন করা হয়েছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট মোকাবিলা এবং নিরাপদ পানির বিকল্প উৎস তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংরক্ষণাধারটির উদ্বোধন করা হয়। জেআই জেডের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা লিডার্সের বাস্তবায়নে এ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ খাবার পানির অভাবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তী সময়ে ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণে সংরক্ষণাধারটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতেও এটি সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় অতিথিরা উপকূলীয় জনপদে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বৃষ্টির পানি সংরক্ষণসহ পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়দের প্রত্যাশা, সংরক্ষিত পানির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে এলাকাবাসীর পানির সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Ads small one

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগের দিন বুধবার একই এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলারোয়া প্রতিনিধি: দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিকেরা।