দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প
দেবহাটা প্রতিনিধি: ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় হাঁটা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ। অনিকেত আলাম ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।
অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।












