দেবহাটার পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো মনিরুল, অল্পতেই খুঁজে পান জীবনের আনন্দ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: মানুষের জীবনে সুখ, শান্তি ও তৃপ্তির সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অনেক কিছু পেয়েও সন্তুষ্ট হতে পারেন না, আবার কেউ সামান্য প্রাপ্তিতেই খুঁজে পান অনাবিল আনন্দ। তেমনই এক সহজ-সরল মানুষের নাম মনিরুল ইসলাম। ছোটবেলা থেকেই সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন হাটবাজার, মোকাম ও জনপদে ঘুরে বেড়ান তিনি। জীবিকার তাগিদে দিনের পর দিন পথে-প্রান্তরে ঘুরলেও কারও কাছে হাত পেতে কিছু চাওয়ার অভ্যাস নেই তাঁর।
নিরীহ ও সহজ-সরল স্বভাবের মনিরুলকে দেবহাটার বিভিন্ন এলাকার অনেকেই চেনেন। নিজের মতো করে চলাফেরা করেন তিনি। কেউ স্বেচ্ছায় ভালোবেসে সামান্য কিছু দিলে হাসিমুখে গ্রহণ করেন। আর সেই সামান্য প্রাপ্তিতেই তাঁর মুখে ফুটে ওঠে এক নির্মল হাসি, যা সহজেই মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
ব্যক্তিগত অভিজ্ঞতায় কখনো মনিরুলকে কারও কাছে হাত পেতে কিছু চাইতে দেখিনি। বরং কেউ স্বতঃস্ফূর্তভাবে কিছু দিলে কৃতজ্ঞতা ও আনন্দে তাঁর মুখে যে হাসি ফুটে ওঠে, তা সত্যিই অসাধারণ। তাঁর এই অকৃত্রিম আনন্দ যেন অনেক বড় প্রাপ্তির তৃপ্তিকেও ছাড়িয়ে যায়।
মনিরুলের জীবন আমাদের সামনে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরে। আমরা প্রতিনিয়ত আরও বেশি পাওয়ার প্রত্যাশায় ছুটে চলি। অনেক কিছু অর্জনের পরও মনের অপূর্ণতা দূর হয় না। অথচ মনিরুলের মতো মানুষ সামান্য প্রাপ্তিতেই আনন্দ খুঁজে নেন। তাঁর সরলতা ও অল্পতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের নতুন করে ভাবতে শেখায়। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের জীবনযাপন নীরবে আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মনিরুলও তাঁদের একজন। তাঁর প্রতি সহানুভূতি, ভালোবাসা ও মানবিক আচরণ করা আমাদের সবার দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তাঁকে সহযোগিতা করা উচিত সম্মান ও আন্তরিকতার সঙ্গে, যাতে তাঁর আত্মসম্মান অক্ষুণœ থাকে।
মনিরুলের জীবন থেকে আমাদেরও অল্পতে সন্তুষ্ট থাকতে শেখা উচিত। জীবনে যা কিছু পেয়েছি, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা প্রয়োজন। কারণ প্রকৃত সুখ শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মনের তৃপ্তি, কৃতজ্ঞতা ও নির্মল হাসির মধ্যেও লুকিয়ে থাকে। মনিরুলের মুখের এক চিলতে হাসি যেন আমাদের মনে করিয়ে দেয়Ñসুখী হতে হলে অনেক কিছু পাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি সন্তুষ্ট মন।












