শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ খেলতে শর্ত দিয়ে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপ খেলতে শর্ত দিয়ে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৫ জুন) এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে তুরস্কের আনতালিয়ায় প্রস্তুতি ক্যাম্পে রয়েছে ইরান দল। সেখান থেকে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তারা ভিসার আবেদন করেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, ফিটনেস ট্রেইনার এবং কয়েকজন সহায়ক কর্মীর ভিসাও অনুমোদিত হয়েছে। তবে কোনো আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মার্কিন কর্মকর্তাদের মতে, পাসপোর্ট ফেরত পাওয়ার পর দলটি যুক্তরাষ্ট্র বা মেক্সিকোর উদ্দেশে যাত্রা করতে পারবে।

তবে ভিসা অনুমোদনের পাশাপাশি ইরানি প্রতিনিধিদলের ওপর বিশেষ নজরদারির কথাও জানিয়েছে ওয়াশিংটন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। বিশেষ করে ইসলামিক রেভলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হলে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, খেলোয়াড় ও তাদের সহায়ক কর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে খেলাধুলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এবং আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট এমন কাউকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ছয় দিন পর তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়েটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধির পর বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিলেও ফিফা শুরু থেকেই জানিয়েছিল, ইরান নির্ধারিতভাবেই টুর্নামেন্টে অংশ নেবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণ ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর জবাবে ইরানের জাতীয় দল জানায়, কোনো পক্ষই তাদের বিশ্বকাপ খেলা থেকে বিরত রাখতে পারবে না।

প্রসঙ্গত, ভিসা ইস্যুতে এর আগেও সমস্যার মুখে পড়েছিল ইরান ফুটবল ফেডারেশন। গত এপ্রিল মাসে ফেডারেশনের সভাপতি মেহদি তাজের কানাডার ভিসা বাতিল করা হয়। তার বিরুদ্ধে অতীতে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল। কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

Ads small one

এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ

গত মে মাসে দেশের বিভিন্ন স্থানে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হন।

এছাড়া নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

সংগঠনটির দাবি, সংবাদমাধ্যমে প্রকাশ না পাওয়া অনেক দুর্ঘটনার তথ্য এতে অন্তর্ভুক্ত হয়নি, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। মাসজুড়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হন।

সংগঠনটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হন।

সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, ৯৩ জন নারী এবং ৬৮ জন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩৬ জন চালক, ১১০ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু এবং ৪৯ জন পরিবহন শ্রমিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি, বাস, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং সিএনজিচালিত অটোরিকশাও উল্লেখযোগ্য সংখ্যায় দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অবাধ চলাচল, সড়কে পর্যাপ্ত রোড সাইন ও আলোর অভাব, নির্মাণ ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মতো কারণগুলো দুর্ঘটনা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এছাড়া বৃষ্টির কারণে সড়কে গর্ত সৃষ্টি, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত যাত্রী বহন এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির সুপারিশের মধ্যে রয়েছে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর সড়ক ব্যবস্থাপনা চালু, চালকদের দক্ষতা উন্নয়ন, মহাসড়কে নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং পরিবহন খাতে জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা।

 

২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার

নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের হতাশাজনক স্মৃতি পেছনে ফেলে এবার নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে নামছে কাতার। আজ রাত ১টায় সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে তারা। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

নিজেদের মাটিতে আয়োজিত ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচই হেরেছিল কাতার। স্বাগতিক দেশ হিসেবে সেটি ছিল নজিরবিহীন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করেছিল দলটি। তবে এবার নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট কেটে কিছুটা হলেও সেই ভাবমূর্তি বদলাতে পেরেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

শুক্রবার সংবাদ সম্মেলনে কাতার কোচ হুলেন লোপেতেগুই বলেছেন, ‘প্রায় এক বছর আগে যখন আমরা এই যাত্রা শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা। সেটাই ছিল আমাদের স্বপ্ন। আমরা তা অর্জন করেছি। এই দলটির সহায়তায় আমরা ইতিহাস গড়েছি।’

এখন অগ্রযাত্রা আর থামাতে চান না কাতার কোচ। তার ভাষায়, ‘এখন আমরা থামতে চাই না। আমরা জানি, কী ধরনের প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। জানি আমরা বিশ্বকাপে আছি, তবে আমরা আমাদের স্বপ্নের পথেই এগিয়ে যেতে চাই।’

এশিয়ান চ্যাম্পিয়ন কাতার এবার বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের খোঁজে নামছে। তাদের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা।

তবে বিশ্বকাপ প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে। মার্চে সার্বিয়া ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল হয়েছে তাদের। এর পরিবর্তে আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হারে কাতার এবং এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করে।

তবে প্রস্তুতি নিয়ে কোনও অভিযোগ নেই লোপেতেগুইর। তার মতে, এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল দলের কাজ।

অন্যদিকে, অবসর ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা কাতার অধিনায়ক হাসান আল হাইদোস বলেছেন, ২০২২ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে দল, ‘প্রযুক্তিগত ও পারফরম্যান্স—উভয় দিক থেকেই আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমরা যা শিখেছি, তা দলের মধ্যে ভাগাভাগি করেছি।’

তবে ফলাফলের কোনো নিশ্চয়তা দিতে চান না কাতার অধিনায়ক। তার ভাষায়, ‘আমরা সমর্থকদের কোনো নির্দিষ্ট ফলের প্রতিশ্রুতি দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং ইতিবাচক কিছু নিয়েই মাঠ ছাড়তে চাই।’

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১

সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এবার এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন এবং প্রথম ধাপের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, এবার এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়—এমসিকিউ (নৈর্ব্যক্তিক), লিখিত ও মৌখিক। এই তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী অধস্তন আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের সুযোগ পান। তবে লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।

পরীক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।