বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।

শিশুর পিতা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তাদের সাথে (মা-বাবার সঙ্গে) ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে তাকে সাপে কামড় দিলে সে আর্তচিৎকার ও কান্না শুরু করে। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান তারা। পরে বিছানার পাশে একটি বিষধর কালাস সাপ দেখতে পাওয়া যায়।

নিহত শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে নিকটবর্তি হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক ডা: সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্রে নিতেও দেরী করে। শিশুটিকে প্রথমেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি জানান, এসব বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক কিছু পদক্ষেপ বাসা থেকে নেয়া যেতে পারে তবে অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ের পরে আসলে নানাভাবেই চিকিৎসার সুব্যবস্থা না হওয়ায় বা দেরী হওয়াতেই শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

পরিবারের বরাতে ওসি শাহিনুর জানান, শিশুটিকে একবার কবিরাজ, তারপর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স, সেখান থেকে রেফার হওয়ায় সামেক হাসপাতাল, পরে সেখানে নিয়ে যাওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরেই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি বেশ দুঃখজনক।

Ads small one

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

পত্রদূত ডেস্ক: বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার দুপুর ৩টায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অনুমোদনবিহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি চালানো হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়, অনাদায়ে ২ মাসের কারাদন্ডের নির্দেশ প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

জনস্বার্থে অননুমোদিত ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‌্যাবের এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান শীর্ষক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান শীর্ষক কর্মশালা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাছিহারানিয়া গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা বুধবার (১৯ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রস্তাবিত এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক রিতা রানী মিস্ত্রির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের প্রভাষক কিশোর কুমার মৃধা।
এসময়ে আরো বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য সাহিদা পারভীন, শতবাড়ির সদস্য যমুনা রানী, অংশগ্রহণকারী ঝরণা রানী, শিক্ষক, সমাজসেবকসহ প্রমুখ।

উক্ত কর্মশালায় এলাকার বিভিন্ন ধরনের সমস্যা যেমন- পানির সংকটের ক্ষেত্রে সেচের পানি, ব্যবহারের পানি ও সুপেয় পানির অতিমাত্রায় সমস্যা উল্লেখ করেন। কৃষির ক্ষেত্রে বীজের সংকট, পোকামাকড়ের আক্রমণ, রাসায়নিক সার কীটনাশকের প্রভাব, কৃষি পন্যের বাজারমূল্য কম, জৈব পদ্ধতিতে ফসল চাষাবাদের প্রশিক্ষণের অভাব রয়েছে যা কৃষিকে হুমকিতে ফেলছে। এছাড়া এসময়ে অবকাঠামোগত সমস্যা, সামাজিক সমস্যা ও স্বাস্থ্যগত নানা বিধ সমস্যা উঠে আসে।

কর্মশালায় বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার বলেন, বারসিক জন নেতৃত্বে উন্নয়নকে গুরুত্ব দেয়। এলাকার উন্নয়নে কি ধরনের কাজ করা জরুরি তা স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে বিবেচনা করে নির্ধারণ করা হয়।

অংশগ্রহণকারী ঝরণা রানী বলেন, আমরা সকলে কৃষির উপর নির্ভরশীল। কিন্তু কৃষির উপযোগী পরিবেশ দিন দিন এখন নষ্ট হয়ে যাচ্ছে।

এসব সমস্যা বিভিন্ন অভিযোজন পদ্ধতির মাধ্যমে সহজে মোকাবিলা করার উপায় আমরা জানতে পারলে আমাদের পারিবারিক কৃষিকে আরো সফল ভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।

ইউপি সদস্য সাহিদা পারভীন বলেন, আমাদের এলাকায় হাজারো সমস্যা রয়েছে। দলবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।

প্রভাষক কিশোর কুমার মৃধা বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

আশাশুনিতে একই মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
আশাশুনিতে একই মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

পত্রদূত ডেস্ক: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কোলা গ্রামে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কোলা গ্রামের মৃত শাহানুর শেখের ছেলে মো.গোলাম মোস্তফা হোসেন, মো.নুরুল ইসলাম গাজীর ছেলে মো.শরিফুল ইসলাম, মৃত আব্দুর রহমান গাজীর ছেলে মো.নাজির আলম, মৃত শেখ শাহিনুরের ছেলে মো.গোলাম রসুল এবং মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো.আব্দুল কুদ্দুস শেখ।

পুলিশ জানায়, আশাশুনি থানার মামলা নং-১৯, তারিখ ৩১ আগস্ট ২০২৫, ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৫০৬/ ১১৪ পেনাল কোডে আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।