ইয়ং স্পার্কস অব বাংলাদেশ ট্যালেন্ট ফেস্ট: ‘চা বন্ধু’ প্রজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত
নিজস্ব প্রতিনিধি: জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘ইয়ং স্পার্কস অব বাংলাদেশ ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এর প্রজেক্ট ডিসপ্লে বিভাগে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন সাতক্ষীরার তরুণ উদ্ভাবক সুদীপ্ত দেবনাথ। তাঁর উদ্ভাবনী উদ্যোগ ‘চা বন্ধু’ প্রজেক্ট নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।
গত ১৪ ও ১৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই ট্যালেন্ট ফেস্ট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ও জাতীয় পরিম-লে তরুণদের মেধা বিকাশে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘ইয়ং স্পার্কস অব বাংলাদেশ’ এই ফেস্টের আয়োজন করে। এতে কমিউনিটি পার্টনার হিসেবে ছিল ‘স্ক্রিপ্টি স্ফেয়ার’। বিজ্ঞান, সৃজনশীলতা, সাধারণ জ্ঞান, প্রজেক্ট ডিসপ্লে ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত তরুণ অংশ নেন।
প্রতিযোগিতার মূল আকর্ষণ প্রজেক্ট ডিসপ্লে বিভাগে সুদীপ্ত দেবনাথের ‘চা বন্ধু’ প্রজেক্টটি বিচারক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এটি মূলত একটি আধুনিক মাইক্রো-ফান্ডিং প্ল্যাটফর্ম, যার লক্ষ্য টেকসই ও সামাজিক দায়বদ্ধ সমাজ গড়ে তোলা। ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অবদানকে একত্রিত করে দেশের চা-শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও উন্নত জীবনমান নিশ্চিত করতে কাজ করে এই প্রজেক্ট। পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবক ও উদীয়মান সামাজিক পরিবর্তনকামীদের বিভিন্ন অর্থবহ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা ও তহবিল প্রদান করাও এর অন্যতম উদ্দেশ্য।
আয়োজন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাবিদগণ।
অতিথিরা বিজয়ী সুদীপ্ত দেবনাথের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তাঁর এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। দেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণদের এমন প্রজেক্ট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।












