আগামীকাল নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিয়ে বিনিময় সভা
বদিউজ্জামান: নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে সাতক্ষীরায় জেলা আইনগত সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর)।
‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর বাস্তবায়নে এবং টিডিএইচ নেদারল্যান্ডস-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘স্পিক আপ’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর সংলগ্ন চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শিশু ও যুবকদের অধিকার সুরক্ষা, নিরাপদ অনলাইন পরিবেশ, স্বাধীন মতপ্রকাশ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পিক আপ’ প্রকল্পটি সাতক্ষীরায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা আইনগত সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ মুস্তাফিজুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক মোঃ হাসাইন শওকত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপপরিচালক ড. তারেকুজ্জামান।
সকাল ১০টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে পরিচিতি পর্ব, স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, লিগ্যাল এইডের কার্যক্রম উপস্থাপন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। অতিথিবৃন্দ ও মুখ্য আলোচকের বক্তব্যের মধ্য দিয়ে সভাটি শেষ হবে।
আয়োজকরা মনে করছেন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সুরক্ষা এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও কার্যকর হবে।












