খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও হাসপাতালের অগ্নিনিরাপত্তায় গুরুত্ব
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, হাসপাতালগুলোতে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়াতে হবে। দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ কমে আসছে। প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে গত মাসে ৩৯টি ভ্রাম্যমাণ আদালত ও ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় ৩ লাখ ৪৭ হাজার ৩৩২টি কৃষক কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ চলছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী












