সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে সংসদ সদস্য রবিউল বাশার
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তর এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার দুপুর একটার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা বৃষ্টির মধ্যেই সরেজমিনে ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি নজরে এলে সেখানে মহাসড়ক পর্যন্ত একটি পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের নির্দেশ দেন তিনি।
উন্নয়নকাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘœ ঘটার বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, কারিগরি কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হলেও আগামী তিন মাসের মধ্যে এর স্থায়ী সমাধান করা সম্ভব হবে।
পরিদর্শনকালে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











