তুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ আর নেই
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়াডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ গাজী আর নেই। দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভোগার পর রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলে তাঁর কন্যা অ্যাডভোকেট সালমা খাতুনের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আব্দুর রশিদ গাজীর জানাজা শেষে আগামীকাল সোমবার তাঁর গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার তুয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।












