মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

তালা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধুলন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন করা হয়। নীলা ওই গ্রামের লিটন শেখের মেয়ে এবং মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নীলার বাবা লিটন শেখ সাতজনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেছেন। ৫ অক্টোবর করা মামলাটির নম্বর ৪। এজাহারে নীলাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, নীলা কলেজে যাতায়াতের সময় কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নীলা তাঁর বাবাকে জানালে লিটন শেখ ধুলন্ডা গ্রামের অফছার শেখের ছেলে আমজেত শেখ (৫০) ও তাঁর পরিবারের সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর রাতে আসামিরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পরদিন ২ অক্টোবর জেঠুয়া বাজারে লিটন শেখের হোটেলেও গিয়ে নীলার নামে অপপ্রচার চালানো হয়। একই দিন দুপুরে বাড়ি ফেরার পথে লিটন শেখকে আসামিরা পথরোধ করে মারধর করেন। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধুলন্ডা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

নীলার বাবা লিটন শেখের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। এ ঘটনায় আমজেত  শেখ (৫০), আহম্মাদ আরী শেখের ছেলে রকি শেখ (২৪), সেলিম মালির ছেলে সৈয়েব মালি (১৮), আকবর শেখের ছেলে ইমন শেখ (২২), মোহাম্মাদ আলী শেখের ছেলে ইমরান শেখ (২৮), আমজেত শেখের মেয়ে আকলিমা বেগম (২৫) এবং অফছার শেখের ছেলে আকবর শেখকে আসামি করা হয়েছে। লিটন শেখের অভিযোগ, আসামিরা তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। একই সঙ্গে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এদিকে মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা বাড়িতে নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Ads small one

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবনের আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবনের আবেদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসন ও নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান।

গত ৬ অক্টোবর জমা দেওয়া আবেদন সূত্রে জানা যায়, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ২০০১ সালে নির্মিত ভবনে দুটি মাত্র কক্ষ রয়েছেÑযার একটি অফিস কক্ষ ও অন্যটি শ্রেণিকক্ষ। বর্তমানে ২০৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শ্রেণিকক্ষসংকটে ২০২০ সালে জরুরি বরাদ্দের মাধ্যমে তিন কক্ষের একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়।

প্রধান শিক্ষক আবেদনে উল্লেখ করেন, বর্তমানে টিনশেড ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। গরমের দিনে ঘরটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে, আর বর্ষাকালে ঘরের ভেতর প্রায় এক ফুট পানি জমে থাকে। অনেক সময় জমে থাকা পানিতে সাপ ও ব্যাঙ চলে আসে। আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের স্বার্থে অবিলম্বে জলাবদ্ধতা দূরীকরণ এবং একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান প্রধান শিক্ষক।

শ্যামনগরে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, স্থগিতের আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
শ্যামনগরে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, স্থগিতের আবেদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯৪ নম্বর দক্ষিণ শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভূমিদাতার প্রতিনিধিরা। গত ৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া আবেদনে ভূমিদাতা মৃত ইদ্রিস আলী মোল্যার ছেলে মো. আবদুল্লাহ আল-মামুন জানান, ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অভিভাবক ও ভূমিদাতা সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক সরকারি পরিপত্রের নিয়ম উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠনের চেষ্টা করছেন। সরকারি বিধান অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হয়। তবে প্রধান শিক্ষক নিয়ম না মেনে এসএসসি পাস এক ব্যক্তিকে সভাপতি করার চেষ্টা করছেন। এ ছাড়া সভাপতি পদের জন্য অন্তত তিনজনের তথ্য জমা দেওয়ার বিধান থাকলেও অন্য প্রার্থীদের তথ্য গোপন করে এককভাবে একজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

আবেদনকারীরা জানান, এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে এবং বর্তমানে এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয়ে লিখিতভাবে জানিয়েও সমাধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, এলাকায় স্নাতক পাস অভিভাবক পাওয়া যাচ্ছে না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইনামুল হক জানান, স্নাতক পাস ছাড়া কারও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই। কম যোগ্যতাসম্পন্ন কাউকে মনোনীত করে পাঠানো হলেও তা দপ্তর থেকে ফেরত আসবে।

 

ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার এক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার এক

সংবাদদাতা: জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় অজয় কুমার সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সিআর ৬৫৭/২০২৬ নম্বর মামলা রয়েছে।

আদালত পুলিশ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, মামলাটি সাতক্ষীরার আমলি ১ নম্বর আদালতে বিচারাধীন। ওই আদালত থেকে অজয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি সাতক্ষীরা সদর থানায় পৌঁছালে মঙ্গলবার বেলা দুইটার দিকে সাতক্ষীরা আদালত চত্বর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগেও তাঁর বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা হয়েছিল।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত সুভাষ চন্দ্র সরকারের স্ত্রী লতিকা রানী সরকার বাদী হয়ে আদালতে এই মামলা করেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়, অজয় কুমার সরকার ২০২৫ সালের ২ মার্চ শিবপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত ভীম সরকারের ছেলে অরবিন্দ কুমার সরকারের বৈধ ওয়ারিশদের তথ্য গোপন করে একটি জাল ওয়ারিশ সনদ নেন। পরবর্তী সময়ে সেই সনদ ও নামজারির কাগজপত্র ব্যবহার করে সাব-রেজিস্ট্রি অফিসে ১৪ দশমিক ৫৬ শতক জমি বিক্রির দলিল সম্পাদন করেন এবং জমি দখলের অপচেষ্টা চালান।

পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদন্তে ওয়ারিশ সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে সনদটি বাতিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও নিরপেক্ষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পান। তদন্ত প্রতিবেদনে জমি দখল প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক) এবং ৭(১), (২) ও (৩) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়।

আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অজয় কুমারকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।