মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সম্পাদকীয়: সাবাশ সাতক্ষীরা!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
সম্পাদকীয়: সাবাশ সাতক্ষীরা!

খুলনার সবুজ মাঠে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা বালক ও বালিকাÑউভয় বিভাগে যেভাবে বিভাগীয় শ্রেষ্ঠত্বের ‘জোড়া মুকুট’ ছিনিয়ে এনেছে, তা এককথায় অভূতপূর্ব। একই সঙ্গে দুই বিভাগে কোনো একক জেলার এমন জোড়া সাফল্য কেবল ক্রীড়াশৈলীর জয় নয়, এটি তৃণমূলের একাগ্রতা ও অন্তহীন স্বপ্নের এক অনন্য দলিল। এই ঐতিহাসিক বিজয়ের মাহেন্দ্রক্ষণে আমাদের অবলীলায় বলতে হয়Ñসাবাশ সাতক্ষীরা!

খুলনা বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার কালীগঞ্জের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্যামনগরের পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ছেলেরা যেখানে গতির ঝড়ে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে, সেখানে মেয়েরা দেখিয়েছে নিখুঁত পরিকল্পনা ও ইস্পাতকঠিন রক্ষণভাগের দেওয়াল। বিশেষ করে পূর্ব মীরগাঙের বালিকাদের টানা তিনবার জেলা চ্যাম্পিয়ন ও দ্বিতীয়বারের মতো বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন প্রমাণ করে, এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং বছরের পর বছর ধরে চলা কঠোর সাধনা ও নিয়মানুবর্তিতার ফসল।

একটি সমাজের সুস্থ মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে যখন কিশোর ও তরুণ প্রজন্ম মোবাইল আসক্তি, মাদকের করাল গ্রাস কিংবা নানাবিধ অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে, তখন এই খুদে ফুটবলাররা দেখাল কীভাবে মাঠের সবুজ ঘাসকে জীবনের ক্যানভাস বানিয়ে স্বপ্ন বোনা যায়। এই শিশুদের চোখে যে আত্মবিশ্বাস, তা কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী দিনে তাদের যোগ্য নাগরিক ও নেতৃত্ব দেওয়ার গুণাবলি তৈরিতে ভূমিকা রাখবে।

তবে এই রূপকথার পেছনের কারিগরদের অবদানও খাটো করে দেখার সুযোগ নেই। অজপাড়াগাঁয়ের এই প্রতিভাদের চিনে নেওয়া, তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত করার পেছনে স্থানীয় শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকদের যে ত্যাগ ও নিষ্ঠা ছিল, তা প্রশংসার দাবিদার।
বিভাগীয় গ-ি পেরিয়ে এবার এই খুদে চ্যাম্পিয়নদের সামনে লক্ষ্য জাতীয় পর্যায়। আমরা মনে করি, এই খুদে ফুটবলাররাই দেশের ফুটবলের ভবিষ্যৎ কা-ারি। তাদের এই জয়যাত্রাকে টিকিয়ে রাখতে এবং আরও বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে এখন থেকেই দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত পরিচর্যা প্রয়োজন। সরকারি ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠকদেরও এগিয়ে আসতে হবে।

সাতক্ষীরার এই খুদে ফুটবলাররা প্রমাণ করেছে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের শিশুরাও ইতিহাস গড়তে পারে। বিজয়ী সব খুদে ফুটবলার, তাদের নেপথ্যের কারিগর শিক্ষকবৃন্দ এবং আনন্দিত সাতক্ষীলাবাসীকে আমাদের আন্তরিক অভিনন্দন। এই জয়যাত্রা অব্যাহত থাকুক।

Ads small one

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

আরিফ মাহমুদ: ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে সাধারণ জনতা। কিছু সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি কলারোয়া সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরসহ কয়েকটি সীমান্তে অবৈধভাবে পুশইন করতে বহু নারী-পুরুষকে জড়ো করা হয় বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এরই জের ধরে কলারোয়া সীমান্তজুড়ে কঠোর টহল, নজরদারী ও অবস্থান জোরদার করে বিজিবি। বিভিন্নভাবে বিজিবিকে সহায়তা করছেন স্থানীয় জনতাও।

বছরের পর বছর উপজেলার ১৭ কিলোমিটার সীমান্ত এলাকাটি মাদক ও চোরাকারবারীদের কাছে বিভিন্ন চোরাচালান, অবৈধভাবে মানুষ যাতায়াতের জন্য নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত বলে জানা যায়। এর সাথে যোগ হয়েছে সম্প্রতি পুশইনশংকা। ফলে সতর্কাবস্থনে বিজিবিসহ বিভিন্ন সংস্থা। উপজেলার তিনটি ইউনিয়ন স্থলভাগ ও নদী দ্বারা ভারতের সাথে বিভক্ত। এর মধ্যে কেঁড়াগাছি ইউনিয়নের সিংহভাগ ও সোনাবাড়িয়া ইউনিয়নের পুরোটা সোনাই নদী দ্বারা ভারতের সাথে বিভক্ত, আর চন্দনপুর ইউনিয়নের কিছু অংশ ইছামতি নদী ও বাকী অংশ স্থলভাগে বিভক্ত।

 

নদী সীমান্তের চেয়ে তুলনামূলক স্থলভাগ দিয়ে পুশইন সম্ভাবনা বেশি থাকায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী, সুলতানপুর ও গোয়ালপাড়ার স্থল সীমান্তে বিজিবির টহল ও তদারকি জোরদার করা হয়েছে।

 

বিজিবির সুলতানপুর বিওপির কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান জানান, ইতোমধ্যে ওই বিওপির অধীনে সাড়ে ৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। জনগণকে সাথে নিয়ে যেকোন অবৈধ অনুপ্রবেশ রোধ করতে সার্বক্ষণিক কঠোর নজরদারী অব্যাহত রয়েছে।

সুলতানপুর ইউপি সদস্য হুমায়ুন কবীর জানান, হ্যান্ড মাইকে সতর্কতা, সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারা, রাতে টর্চলাইটের আলো এবং কঠোর অবস্থান রয়েছে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া ইনচার্জ সার্জেন্ট মিলন জানান, এখন পর্যন্ত সাতক্ষীরা সীমান্তে অবৈধ পুশইন রোধ করতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদলের নেতারা।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলামের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সিটি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়ারাজ হোসেন, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম এবং ছাত্রনেতা মো. গোলাম রাব্বি।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার্থীদের দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।

কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে কলারোয়া হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

তিনি জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়গনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা ও ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।